স্পট ফিক্সিংয়ের দায়ে ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত সেপ্টেম্বরে ক্রিকেটে ফেরার অনুমতি পাওয়ার পর পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলেন আমির। দারুণ পারফর্ম করে গেছেন বিপিএলেও, যা ত্বরান্বিত করেছে তার পাকিস্তান দলে ফেরাও। গত মাসে নিউ জিল্যান্ড সফর দিয়ে আমির ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে।
এবার আরেকটু বড় মঞ্চে নামছেন আমির; খেলবেন এশিয়া কাপে। আগামী শনিবার চিরপ্রতিদ্বন্দী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে পাকিস্তান। ভারতের শক্তিশালি ব্যাটিং লাইন আপের জন্য সবচেয়ে বড় হুমকি হবেন হয়ত আমিরই।
তবে ক্রিকেটীয় লড়াইয়ের বাইরে গিয়ে আমিরের ফেরাটাকে স্বাগত জানালেন বিরাট কোহলি। মঙ্গলবার টিম হোটেলে সংবাদ সম্মেলনে ভারতীয় ব্যাটসম্যান প্রশংসা করলেন আমিরের ।
“আমিরকে ফিরতে দেখে আমি সত্যিই খুব খুশি হয়েছি। সে তার ভুল বুঝতে পেরেছে এবং নিজেকে শুধরে নিয়েছে। নিউজিল্যান্ডে খেলেও এসেছে। সে কঠোর পরিশ্রম করেছে এবং আবার এই পর্যায়ে উঠে আসতে দারুণ সাহসিকতার পরিচয় দিয়েছে। ওর জন্য সবটুকু শুভকামনা।”
“সে বরাবরই ছিল বিশ্বমানের বোলার। এই ৫ বছর খেললে আজ সে বিশ্বের শীর্ষ ২-৩ বোলারের একজন থাকত। সেই প্রতিভা তার আছে। আছে গতি, সুইং করাতে পারে দুই দিকেই, খুব ভালো বাউন্সার মারতে পারে, স্লোয়ার ডেলিভারিটি খুব ভালো, ইয়র্কারও। দারুণ বোলার সে।”
কোহলির ধারণা, ভুল পথে পা বাড়িয়ে নিষিদ্ধ না হলে আজ বিশ্বসেরা বোলারদের একজন থাকতেন আমির।
এম.এ





