অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন ভারতের ব্যাটসম্যান মুরালি বিজয়। বুধবার তার সেঞ্চুরিতে ম্যাচের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে ভারত। দিন শেষে মাত্র চার উইকেট হারিয়ে ৩১১ রান সংগ্রহ করেছে তারা।
অ্যাডিল্যাডের মাঠে প্রথম টেস্টে হেরে গিয়েছিল বিরাট কোহলির ভারত। ম্যাচটিতে দুটি ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন দলনেতা। কিন্তু অনেক চেষ্টা করেও হার এড়াতে পারেনি তার দল।
দ্বিতীয় টেস্টে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার অধীনে প্রথম দিনেই আলো ছড়াল সফরকারীরা। ব্রিসবেনের মাঠে এদিন টস জিতে শুরুতে ব্যাট বেছে নেন দলনেতা ধোনি।
উদ্বোধনী জুটিতে ভারত ৫৬ রান সংগ্রহ করলেও ওপেনার মুরালি বিজয় সেঞ্চুরি পূর্ণ করেছেন। ক্যারিয়ারের পঞ্চম শতককে সার্ধশতকে পরিণত করতে এগিয়ে যান তিনি। কিন্তু ১৪৪ রান করে লিয়নের বলে উইকেটরক্ষক হ্যাডিনের তালুবন্দী হন এই ডানহাতি ব্যাটসম্যান।
মুরালির পর আর কোনো উইকেট হারাতে হয়নি ভারতকে। আজিঙ্কায় রাহানে (৭৫) ও রোহিত শর্মা (২৬) রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেন।
মুরালির আগে মাঠ থেকে বিদায় নিয়েছিলেন শেখর ধাওয়ান (২৪), চেতেশ্বর পুজারা (১৮) ও বিরাট কোহলি (১৯)। ধাওয়ান আউট হন মার্শের বলে। আর পুজারা ও কোহলিকে সাজঘরে পাঠান হ্যাজেলউড। তারা প্রত্যেকেই উইকেটরক্ষক হ্যাডিনের তালুবন্দী হন।
জেডআই





