২০১৫ বিশ্বকাপের সম্ভাব্য ৩০ জনের দলে ঠাঁই পাননি যুবরাজ সিং। কিন্তু এবার আরো বড় ধাক্কা খেলেন তিনি। আইপিএলের আগামী মৌসুমের জন্য যুবরাজকে ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুও৷

২০১১ বিশ্বজয়ী স্কোয়াডের সদস্য, টুর্নামেন্ট সেরা যুবরাজের আশা ছিল ২০১৫ বিশ্বকাপের সম্ভাব্য ৩০-এর স্কোয়াডে নাম থাকবে তার। কিন্তু ঠাঁই হয়নি সেখানে।

কিন্তু এর চেয়ে আরো খারাপ খবর তার জন্য অপেক্ষা করছে, তা বোধহয় তিনি টেরই পাননি। আগামী মৌসুমের জন্য যুবরাজকে ছেড়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

গত আইপিএলের নিলামে সর্বোচ্চ দর উঠেছিল যুবরাজের। ১৪ কোটিতে তাকে কিনে নিয়েছিল ব্যাঙ্গালুরু। কিন্তু, বছর ঘুরতেই আচমকা বদলে গেল ছবিটা।

সপ্তম আইপিএলে ব্যাঙ্গালুরুর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর যুবরাজের। তার ব্যাট থেকে আসে মোট ৩৭৬ রান। যার মধ্যে রয়েছে তিনটি অর্ধশতরান। বল হাতে খুব একটা সফল নন। ২২ ওভার ৪ বল করে নিয়েছেন ৫ উইকেট।

আগামী মৌসুমের আইপিএলের নিলামে আবার বিক্রি প্রতিযোগিতায় নামতে হবে যুবরাজকে। ক্যানসারে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন তিনি মাঠের বাইরে ছিলেন।

কিন্তু অবশেষে গত বছর ফের মাঠে ফিরেছিলেন তিনি। জাতীয় দলেও জায়গা হয়েছিল। কিন্তু, জায়গা ধরে রাখতে পারেননি তিনি। এবার আইপিএলেও ধাক্কা।

এমকে