ক্রিকেট চরম অনিশ্চয়তার খেলা। এ অনিশ্চয়তার প্রভাব আরো কঠিন হয় যখন সেরা ক্রিকেটার নির্বাচন করতে হয়। কারণ এক বাক্যে সেরা বলে দেয়াটা সত্যিই অনেক কঠিন কঠিন একটা বিষয়। অনেক হিসেব-নিকেশ করে তবেই সেরার নাম বের করতে হবে। তবে যদি বলে দেয়া হয় পাকিস্তানের মোহাম্মদ আমির নাকি বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, কে সেরা?

ভারতের এক সময়ের সেরা টেস্ট ব্যাটসম্যান ও কিংবদন্তি ভিভিএস লক্ষণ জানালেন তার মতে সেরা কে? তার কাছে মোহাম্মদ আমিরের চেয়েও সেরা মুস্তাফিজুর রহমান। অর্থাৎ সেরার দৌড়ে মুস্তাফিজই এগিয়ে।

কেন বাংলাদেশের এই পেসারকে এগিয়ে রাখলেন? তার কারণও ব্যাখ্যা করলেন তিনি।

মুস্তাফিজের গুরুত্ব বোঝার কারণেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এক কোটি ৪০ লাখ রুপি দিয়ে কিনেছেন ভিভিএস লক্ষণ। যিনি সানরাইজার্স হায়দ্রাবাদের মেন্টরের দায়িত্ব পালন করছেন। গেল এক বছর ধরে যে পারফরম্যান্স করে আসছিলেন মুস্তাফিজ, সে কারণেই তার প্রতি আগ্রহী হয়ে উঠেছিল সানরাইজার্স।

আইপিএলের অভিষেকেও নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন মুস্তাফিজ। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে যখন সানরাইজার্সের বোলাররা রান দিয়েই যাচ্ছিলেন, তখন তিনিই ছিলেন একমাত্র কিপটে বোলার। ২৬ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে লক্ষণ উদীয়মান এই পেসারের কথা বলতে গিয়ে প্রসঙ্গ টানেন পাকিস্তানের মোহাম্মদ আমিরের। যেখানে তিনি আমিরের চেয়েও সেরা বললেন মুস্তাফিজকে।

লক্ষণ বলেন, ‘অবশ্যই মুস্তাফিজুর। কারণ, আমি মনে করি মোহাম্মদ আমিরের চেয়েও মুস্তাফিজের হাতে ভ্যারিয়েশন অনেক বেশি। নতুন বলে এখনও সংগ্রাম করতে হয় আমিরকে। নতুন বলকে সুইং করাতে পারেন না তিনি। যদিও তার হাতে দুর্দান্ত কিছু ইয়র্কার রয়েছে।’

এর সাথে যোগ করে লক্ষণ আরো বলেন, ‘তবে, মুস্তাফিজের কাছে নতুন বল- পুরাতন বল কোন বিষয়ই না। সব ধরনের বৈচিত্র্যই তার বোলিংয়ে রয়েছে। যে কারণে টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে দারুণ সফল বোলার হতে পারেন তিনি।’

মুস্তাফিজকে বিশেষ বোলার হিসেবে আখ্যা দেন লক্ষণ। তিনি বলেন, ‘মুস্তাফিজের রয়েছে অসাধারণ রক্ষণাত্মক প্রতিভা। একই সঙ্গে রয়েছে তার চমৎকার স্ট্রাইকিং পাওয়ারও। তার বলে আউট সুইং, ইনসুইং সবই আছে। বিশেষ করে ডান হাতি ব্যাটসম্যানদের জন্য তো ইনসুইংটা খুবই মারাত্মক। তার হাতে রয়েছে দুই ধরনের ইয়র্কার। একটা হলো ওয়াইড ইয়র্কার এবং অন্যটা হলো ব্লক হোল ইয়র্কার। দু’ধরনের ইয়র্কারই ব্যাটসম্যানদের জন্য মারাত্মক হুমকি।’

মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসায় লক্ষণ বলেন, ‘তার রয়েছে অসাধারণ পেস ভ্যারিয়েশন। অবশ্যই তার মধ্যে কাটারটা হলো ব্যাটসম্যানদের জন্য দুশ্চিন্তার বিষয়। সেরা সেরা ব্যাটসম্যানরাও এই কাটারে সমস্যায় পড়ে যায়। পেস বৈচিত্র্যের কারণেই আমি অন্যদের চেয়ে এগিয়ে রাখবো মুস্তাফিজকেই।’

 

এমআইএস।