অবশেষে মিরপুরে বৃষ্টি থেমেছে। প্রধান গ্রাউন্ডসম্যান গামিনি সিলভা মাঠ পরিদর্শনে নেমেছেন। তবে বাংলাদেশ-ভারত এশিয়া কাপ ফাইনাল ম্যাচটি হতে পারবে কি না, বা হলে কখন শুরু হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

বিকেল ৫টা ৫০ মিনিট থেকেই মেঘলা আকাশে অন্ধকার হয়ে পড়ে মিরপুরের স্টেডিয়াম। এরপর ৬টা ০৫ মিনিটে বৃষ্টির আবির্ভাব হয়। সময় গড়ানোর সাথে সাথে বৃষ্টির তেজ বাড়তে থাকে এবং শুরু হয় কালবৈশাখী ঝড়ও। এমন ঝড় চলে ৬টা ৪০ মিনিট পর্যন্ত।

প্রায় ৩৫ মিনিট ধরে চলা বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে পুরো মাঠে জমে গেছে পানি। তবে বৃষ্টি থামলেও এক থেকে দেড় ঘন্টা লাগবে মাঠকে খেলার উপযোগী করতে। তখন ম্যাচের দৈর্ঘ্য কমে আসবে।

সিদ্ধান্ত নেয়া হয়েছে, ৮.৩০-এ খেলা শুরু করা যায় কি না তা বিবেচনা করা হবে। বৃষ্টি থামায় মাঠ খেলার উপযোগী হলে ৮.৩০-এই খেলা শুরু হতে পারে। আর যদি তখনও শুরু করা না যায়, সর্বশেষ ১০.৪০-এ শুরু করার শেষ চেষ্টা করা হবে। সেক্ষেত্রে ৫ ওভারের ম্যাচ হতে পারে।

আর তখনও যদি খেলা শুরু করা না যায়, তবে বাংলাদেশ ও ভারতকে যুগ্ম চ্যাম্পিয়ন করা হবে।উল্লেখ্য, এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি।

এর আগের খবরে বলা হয় বাংলাদেশ-ভারত ফাইনালের আগে মিরপুরে আক্ষরিক ঝড়ই বয়ে যায়। ঝড়ের ছোবলে মিরপুর স্টেডিয়ামে পিচ উড়ে যাচ্ছে। মাঠের কর্মীরা পিচ ঠিক রাখার জন্য যে কভার দিয়েছিলেন, সেগুলো রাখতে হিমশিম খান। সেইসাথে ছিল বৃষ্টি আর বজ্রপাত।

ক্রিকেটের সুপরিচিত ওয়েবসাইট ক্রিকইনফোর খবরে বলা হয়, ঝড় আর বজ্রপাতে মিরপুরে ফাইনাল দেখতে আসা দর্শকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। অবস্থা এখন ভালো মনে হচ্ছে না।
এর ফলে ফাইনাল ম্যাচটি হতে পারবে কি না তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়।

এসটি/কেবি