মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরেছিল রিয়াল মাদ্রিদ। রোববার ঘরের মাঠ স্যান্টিয়াগো বার্নব্যুতে প্রতিশোধ নিতে মাঠে নেমেছিল তারা। কিন্তু মেসির হ্যাটট্রিকে তা আর হলো না। উল্টো হেরেছে ৪-৩ গোলে। বিপরীতে জয় নিয়ে লা লিগায় প্রাণ ফিরে পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। খেলার মাঠের জয়ের সঙ্গে কথার মাঠের জয়টিও নেয়ার চেষ্টা করলেন বার্সা প্রেসিডেন্ট বার্তেমিউ। জানিয়ে দিলেন, এল ক্লাসিকোই প্রমাণ করল গ্রহের সেরা দল বার্সেলোনা।
ক্রীড়া জগতের অনেক পণ্ডিত বলেছেন যে ব্লুগানারা তাদের রাজত্ব হারানোর শেষ পর্যায়ে চলে আসছে। তাদের যুক্তি, বার্সার তারকা ফুটবলারদের বয়স ৩০ বছরের কাছাকাছি।
পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে মৌসুম শুরু করলেও তৃতীয় স্থানে নেমে গেছে বার্সা। এতে সত্য হতে চলছিল ক্রীড়া বিশেষজ্ঞদের মত। রিয়ালের বিপক্ষে না জিতলে সেটা বাস্তবেই রুপান্তরিত হত। রিয়ালের চেয়ে নিশ্চিত ৭ পয়েন্ট পিছিয়ে যেত কাতালানরা। ফলে লিগ শিরোপার আশা প্রায় শেষ হয়ে যেত দলটির।
সব শঙ্কা ছাপিয়ে রিয়াল হারিয়ে লড়াইয়ে ফিরে এসেছে বার্সা। তাই পণ্ডিতদের সম্ভবনার বিরোধিতা করে বার্সা প্রেসেডিন্ট জোসেপ মারিয়া বার্তেমিউ বলেছেন, 'আমাদের কোনো কিছুই পরিবর্তন হয়নি। খেলোয়াড়দের উপর আমাদের যথেষ্ট বিশ্বাস আছে।'
এএফপি'কে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন, 'ব্যক্তিগতভাবে, আমি বলি যে আমাদের খেলোয়াড়রা বিশ্বসেরা। রোববার তারা সেটি আবার প্রমাণ করলেন। তারা অনেক ভালো খেলেছেন।'
এল ক্লাসিকোতে জয়ের পর ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ১ পয়েন্ট করে বেশি নিয়ে দ্বিতীয় ও শীর্ষস্থানে আছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। এ বিষয় বার্তেমিউ বলেছেন, 'দুটি দলের চেয়ে আমরা মাত্র ১ পয়েন্ট পিছিয়ে আছি। লিগে ফের নিয়ন্ত্রণ নিতে বাকি ম্যাচগুলোতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবো।'