তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে টাইগারদের বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান সোমবার এক বিবৃতিতে এ অভিনন্দন জানান।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট দল প্রথম বারের মত ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের টানা প্রথম দুই ম্যাচে বিজয়ী হয়ে এক ম্যাচ হাতে রেখেই বিজয় ছিনিয়ে নিয়েছে।
ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দল এক দাপুটে ক্রিকেট খেলে এ সাফল্য অর্জন করেছে। এ বিজয়ের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দল এক গৌরবময় ইতিহাস গড়ল।
ডা. শফিকুর বলেন, কিছু দিন পূর্বে পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধেও বাংলাদেশ ক্রিকেট দল এক স্মরণীয় সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ ক্রিকেট দল এ সিরিজ জেতার মাধ্যমে প্রমাণ করেছে তারা বিজয় অর্জন করতে শিখেছে।
জামায়াত নেতা বলেন, ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে এ বিজয়ে আমি বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে ক্রিকেট দলের ম্যানেজার, কোচ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
জেনারেল ডা. শফিকুর রহমান আরো বলেন, বাংলাদেশ ক্রিকেট দল দেশের সাড়ে ১৬ কোটি মানুষের মুখ উজ্জ্বল করেছে। তাদের জন্য জাতি গর্বিত। আমি আশা করি বাংলাদেশ ক্রিকেট দল শেষ ম্যাচেও বিজয়ের ধারা অব্যাহত রেখে সাফল্য অর্জন করবে, ইনশাআল্লাহ। আমি বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য, উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি।
এআর





