ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের দায়িত্ব কাঁধে তুলে নিলেন বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। রোববার আনুষ্ঠানিকভাবে তাকে এই দায়িত্ব দেয় দোলেশ্বর।
মুশফিককে নিয়ে ১২জন খেলোয়াড়কে দলে নিয়েছে দোলেশ্বর। মুশফিকের সঙ্গী হয়েছেন মেহেদি হাসান মারুফ, মিজানুর রহমান, রনি তালুকদার, মুমিনুল হক, ইলিয়াস সানি, নয়ন, মুক্তার আলী, জুবায়ের, আসিফ রাতুল, দেলোয়ার হোসেন ও সানজামুল হক।
এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে ক্লাবটি। চ্যালেঞ্জটা মুশফিকের জন্যও। কারণ এখন পর্যন্ত ক্লাব ক্রিকেটে শিরোপা জিততে পারেননি তিনি। তবে এবার দল নিয়ে দারুণ আশাবাদী এই তাকরা। এ বিষয় তিনি বলেছেন, ‘আমাদের দলটিতে বেশকিছু তরুণ ও সিনিয়র ক্রিকেটার রয়েছে। তাই দলটি অনেক ভালো হয়েছে। আশা করছি এ দল নিয়ে ভালো ক্রিকেট খেলতে পারব।’
বিদেশি কারা থাকছেন এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘এটা আসলে নির্ভর করে কারা কখন কোন সময় ফ্রি থাকবেন তার ওপর। শেষ বারে জুসয়া কোব ও ডেবিট মালান খেলেছিল। তারা খুব ভালো খেলেছিল গত বছর। এবার যদি তারা ফ্রি থাকে তবে আসতে পারে।’
মুশফিককে কত টাকায় প্রাইম দোলেশ্বর দলভুক্ত করেছে তা নিয়ে পরিষ্কার করে কিছুই জানায়নি ক্লাবটি। এ ব্যাপারে মুশফিকের কাছে জানতে চাইলে তিনিও চুক্তির পারিশ্রমিকের বিষয়টি এড়িয়ে গেছেন। তিনি বলেছেন, ‘আসলে এটা ব্যক্তিগত প্রশ্ন। আমি চাই না এটা কেউ জানুক।’ তবে মুশফিক না জানালেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ‘৪৫ লাখ টাকায় শেখ জামাল থেকে প্রাইম দোলেশ্বরে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ ছাড়াও দলের আরেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার জাতীয় দলের তরুণ তারকা মুমিনুল হককে ধরে রাখতে প্রাইম দোলেশ্বরকে এবার খরচ করতে হয়েছে প্রায় ৩০ লাখ টাকা।’
এক বছর পর উন্মুক্ত হয়ে দল বদল করতে পারছেন বিষয়টি কেমন লাগছে? এমন প্রশ্নে মুশফিক বলেছেন, ‘অবশ্যই ভালো লাগছে। সবচেয়ে বড় বিষয় এমন একটি ক্লাবে আসতে পেরে আমি আনন্দিত। শেষ বার দুর্ভাগ্যবশত তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। আশা করি এবার চ্যাম্পিয়ন হতে পারব।’
ক্লাব ক্রিকেটে আপনি চ্যাম্পিয়ন কোন দলের সদস্য নন, জাতীয় দলের অধিনায়ক হিসেবে এ অতৃপ্তিটা আপনার কেমন লাগে? এ ব্যাপারে তিনি বলেছেন, ‘আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে মর্যাদাপূর্ণ লিগ হল প্রিমিয়ার লিগ। নিজের পারফরমেন্স অবশ্যই এখানে কাউন্ট হয়। চ্যাম্পিয়ন দলের সদস্য হতে না পারার অতৃপ্তি অবশ্যই আছে। আমি দুই বার রানারস-আপ হয়েছিলাম। সেদিক থেকে বলব, এ বছরটা যদি ভালো খেলি এবং দল হিসেবে যদি আমরা ভালো খেলতে পারি তবে আল্লাহর রহমতে চ্যাম্পিয়নের মুকুট পরতে পারব।
ঢাকা, ১ জুন(টাইমনিউজবিডি) //জেডআই