বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ও আফগানিস্তান জয়ের মুখ দেখেনি। ১১তম বিশ্বকাপের সহ-আয়োজক নিউজিল্যান্ডের কাছে হেরে যায় শ্রীলঙ্কা। আর বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি আফগানিস্তান।

নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার ডুনেডিনে বাংলাদেশ সময় ভোর চারটায় মুখোমুখি হয় আফগানিস্তান ও শ্রীলঙ্কা। পূর্ণ ২ পয়েন্ট পাওয়ার আশায় ক্রিকেটীয় যুদ্ধে মাঠে নামে দুই দল। নিউজিল্যান্ডের পেস সহায়ক উইকেটে টসে হেরে ব্যাটিং করতে নেমে আফগানিস্তান সবকটি উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করে। জয়ের জন্যে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ২৩৩ রান করতে হবে।

লক্ষ্য তাড়া করতে নেমে আফগান পেসারদের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। ১৮ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। ইনিংসের প্রথম ওভারের প্রথম বলে দাওলাত জারদানের বলে এলবিডাব্লিউ’র শিকার হন থিরিমান্নে। দ্বিতীয় ওভারে লঙ্কান শিবিরে আঘাত করেন শাপুর জারদান। বাঁহাতি এই পেসারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন দিলশান।

তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ১৩ বলে ৭ রান করে হামিদ হাসানের বলে সরাসরি বোল্ড হন সাঙ্গাকারা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৩০ রান। অষ্টম ওভারের খেলা চলছে। মাহেলা জয়াবর্ধনে ও দিমুথ করুনারত্মে ব্যাটিং করছেন।

এর আগে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন আসগার স্টানিকজাই। টপ অর্ডার এই ব্যাটসম্যান ৫৭ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেন। এ ছাড়া সামিউল্লাহ শেনওয়ারি ৭০ বলে ৫ বাউন্ডারিতে করেন ৩৮ রান। তৃতীয় সর্বোচ্চ ২৮ রান করেন মিরওয়াইস আশরাফ। ওপেনার জাভেদ আহমাদি ও অধিনায়ক মোহাম্মদ নবীর ব্যাট থেকে আসে যথাক্রমে ২৪ ও ২১ রান।

লঙ্কানদের হয়ে লাসিথ মালিঙ্গা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস ৩টি করে উইকেট নেন। ২ উইকেট নেন লাকমাল। ১টি করে উইকেট নেন পেরেরা ও হেরাথ।

এর আগে ওয়ানডেতে একবারই মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও আফগানিস্তান। গত বছর এশিয়া কাপের সেই ম্যাচে আফগানদের ১২৯ রানের বড় ব্যবধানে পরাস্ত করে লঙ্কানরা।

এএইচ