কে বিশ্বসেরা? বার্সেলোনার লিওনেল মেসি আর রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে গত কয়েক বছর ধরে এই বিতর্ক চলছেই। অবিরাম এই তুলনায় ক্লান্ত হয়ে পড়ার কথা জানিয়েছেন রোনালদো নিজেই।
রোনালদোর জীবন ও ক্যারিয়ার নিয়ে তৈরি করা চলচ্চিত্র 'রোনালদো' মুক্তি পাবে আগামী সোমবার। এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি মেসির সঙ্গে তার তুলনা নিয়ে কথা বলেন রোনালদো।
“আমার নিজস্ব ধরন আছে, তারও নিজস্ব একটা ধরন আছে। মানুষ যে সব সময় তুলনা করে, এর প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত।”
রোনালদো এর পর তুলনার বিষয়টি নিয়ে অনেকটা দার্শনিকের মতোই কথা বলেন।
“এটা স্বাভাবিক, শিশুকাল থেকেই আমাদের তুলনা করা হচ্ছে। আমি শুধু আমার ও মেসির বিষয়ই বোঝাচ্ছি না, স্কুলে সবার কথাই বলছি। কে বেশি চালাক, কে বেশি ক্ষিপ্র। এটাই স্বাভাবিক, এটা জীবনের অংশ।”
“এটা আমাকে আর বিস্মিত করে না। কিন্তু কখনও কখনও এটা আমাকে ক্লান্ত করে দেয়। কারণ, এটা সব সময় একই রকম এবং তারা এখনও পুনরাবৃত্তি করছে; এক বছর, আরেক বছর, প্রত্যেক বছর”, যোগ করেন পর্তুগালের অধিনায়ক।
একটা গোল করে বা কোনো ট্রফি জয়ের পর বাধভাঙা উদযাপনই করেন রোনালদো। অনেকেই তার এই উদযাপনের সমালোচনা করে বলেন, এটা রোনালদোর ঔদ্ধত্য।
কেউ কেউ কেন তাকে অপছন্দ করে, এর উত্তরে রোনালদো বলেন, “হয়ত এটা আমি যেমন, আমার ব্যক্তিত্ব, আমি যেভাবে ফুটবলকে দেখি; এর জন্য। আমি মেকি লোক নই। এটা স্বাভাবিক, এটা কাজের অংশ। কেউই এটা নিয়ন্ত্রণ করতে পারে না।”
এমআর





