শুরুটা ভালো করতে না পারলেও শেষের দিকে বল হাতে দাপট দেখাচ্ছে বাংলাদেশের বোলাররা। এতে কোনঠাসা হয়ে পড়েছে পাকিস্তানের ব্যাটসম্যানরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৪.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ক্রিজে আছেন সাদ নাসিম (১৮) ও ওয়াহাব রিয়াজ (১)।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করে পাকিস্তান। এতে উদ্বোধনী জুটিতে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯১ রান।
অবশেষে ১৮তম ওভারে নাসিরের শেষ বলে মুশফিকের হাতে ক্যাচ আউট হন অভিষিক্ত সামি আসলাম (৪৫)।
ক্রিজে এসে ১৫ বলে মাত্র ৪ রান সংগ্রহ করতেই আরাফাত সানির বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন মোহাম্মদ হাফিজ।
হারিস সোহাইলকে সঙ্গে নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন আযহার। গড়ে তোলেন ৯৮ রানের জুটি।
সেঞ্চুরির পর তুফান তোলা ব্যাটিং শুরু করতে দেয়ার আগেই তাকে সাজঘরে ফিরিয়ে দেন সাকিব। ৩৯তম ওভারের চতুর্থ বলে বোল্ড হওয়ার আগে ১১২ বলে ১০টি চারে ১০১ রান করেন।
এরপর বেশ দ্রুতই উইকেট হারাতে থাকে পাকিস্তান। দুই উইকেটে ২০৩ রান সংগ্রহ করা দলটি ২২৪ রান সংগ্রহ করতেই শেষ ছয় উইকেট।
আযহারের বিদায়েরর পরের ওভারে মাশরাফির বলে মুশফিকের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ৫৮ বলে ৫৩ রান করা হারিস সোহাইল।
পালাক্রমে আবার সাকিব ও মাশরাফি আঘাত হানেন। সাকিবের হাতে ফিরতি ক্যাচ তুলে দেন রিজওয়ান (৪) আর মাশরাফির বলে ফাওয়াদ আলমের (৪) এক দুর্দান্ত ক্যাচ ধরেন নাসির।
জেডআই





