ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্ট চ্যাম্পিয়নশীপে মৌসুমের দ্বিতীয় অর্ধের জন্য মিডলসেক্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার মিশেল ম্যাকক্লেনেঘান। ইংলিশ কাউন্টি দল সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ভারতীয় প্রিমিয়ার লীগে খেলা ম্যাকক্লেনেঘান জুনের শেষ নাগাদ মিডলসেক্সে যোগ দিবেন এবং এরপর গ্রুপের শেষ ছয়টি ম্যাচে তিনি মাঠে নামবেন। জুনের শেষের দিকে দক্ষিণ আফ্রিকান পেসার কেইল এ্যাবটের দল ছাড়ার কথা রয়েছে। তখনই ২৮ বছর বয়সী ৩৫টি ওয়ানডে ও ১৬টি টি২০ খেলার অভিজ্ঞতা সম্পন্ন ম্যাকক্লেনেঘান দলের সাথে যোগ দিবেন।
এ সম্পর্কে মিডলসেক্সের ক্রিকেট ব্যবস্থাপনা পরিচালক আনগাস ফ্রেসার কাউন্টি ক্লাবটির ওয়েবসাইটে বলেছেন, বিদেশী কোটায় একজন উচ্চ প্রতিভাসম্পন্ন ফাস্ট বোলারের বদলী হিসেবে অন্য একজনকে রিক্রুট করা খুব একটা সহজ কাজ নয়। কিন্তু ম্যাকক্লেনেঘানকে পেয়ে আমরা স্বস্তি অনুভব করছি। তার স্টাইল, বাঁহাতি পেস এসব কিছুই আমাদের সহযোগিতা করবে।
এদিকে ম্যাকক্লেনেঘান বলেছেন, ‘সব খেলোয়াড়েরই স্বপ্ন থাকে লর্ডসে খেলার। মিডলসেক্সের জার্সি গায়ে দিয়ে সেই সুযোগ পাওয়ায় আমি দারুণ আনন্দিত।’
জেডআই





