বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে যাচ্ছে জিম্বাবুয়ে। মঙ্গলবার ক্যানবেরার ম্যানুকা ওভালে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়বে আফ্রিকান দলটি। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে তাদের লড়াই।

এবারে বিশ্বকাপে প্রথম ম্যাচেই অটনের শিকার হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের কাছে হেরেছিল তারা। তবে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দেড়'শ রানের জয় পেয়ে ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবীয়রা।

তবে গেইল ফর্মে না থাকা দলের জন্য চিন্তা হয়ে দাঁড়িয়েছে। আর চোট পেয়ে ড্যারেন ব্রাভো দল থেকে ছিটকে পড়ায় চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন না এই টপ অর্ডার ব্যাটসম্যান।

শুরুটা ভালো না হলেও শেষটা দারুণ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের। আগের দুই ম্যাচেই শেষ ১০ ওভারে একশ’ রানের বেশি সংগ্রহ করে লড়াইয়ের পুঁজি গড়ে তারা। দুই ম্যাচেই শেষ দিকে ঝড় তুলেন দুই অলরাউন্ডার ড্যারেন স্যামি ও আন্দ্রে রাসেল।

মিডলঅর্ডারে লেন্ডল সিমন্স, দিনেশ রামদিন ও মারলন স্যামুয়েলস নির্ভরতা দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ শিবিরে।

নতুন বলে জেরোম টেইলর পরীক্ষায় ফেলতে পারেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। হোল্ডার, স্যামি, রাসেলের কাছ থেকে ভালো সহায়তা পাবেন এই পেসার।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং ও বোলিংয়ে শুরুটা দারুণ হলেও শেষরক্ষা করতে পারেনি জিম্বাবুয়ে। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় তারা। সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথম জয় তুলে নেয় তারা।

আয়ারল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজের হারের পর ‘বি’ গ্রুপ থেকে কোয়ার্টার-ফাইনালে পৌঁছানোর লড়াইটা অনেক বেশি উন্মুক্ত। ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের সঙ্গে শেষ চারের লড়াইয়ে ভালো ভাবেই আছে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইয়ের পুঁজি গড়তে হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামসদের দিকে তাকিয়ে থাকবে জিম্বাবুয়ে।

নতুন বলে ভালো শুরু এনে দেয়ার সামর্থ্য আছে টেন্ডাই চাটারা ও টিনাশে পানিয়াঙ্গারার। এল্টন চিগুম্বুরার দলের সমস্যা পুরোনো বলে। শেষ দিকে প্রচুর রান দেন আফ্রিকার দলটির বোলাররা।

কোয়ার্টার-ফাইনালে খেলতে হলে টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে অন্তত একটি জয় পেতেই হবে তাদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সুযোগ হাতছাড়া হয়েছে জিম্বাবুয়ের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় সুযোগটি আর হাতছাড়া করতে চায় না তারা।

তবে শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার বিষয়।

জেডআই