বার্সেলোনার লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করছে নেইমারকে ছাড়াই। নতুন করে চোট পাওয়া ব্রাজিল ফরোয়ার্ড এলচের বিপক্ষে ম্যাচে মাঠে নামবেন না।
বৃহস্পতিবারের অনুশীলনে নেইমার তার বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পান। পরে পরীক্ষায় তার পায়ে চোট ধরা পরে।
রোববার এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, নেইমার দ্রুত সেরে উঠছেন, তবে এলচের বিপক্ষে লিগের প্রথম ম্যাচে তিনি খেলতে পারবেন না।
ব্রাজিল বিশ্বকাপে মেরুদণ্ডের কশেরুকায় চোট পেয়েছিলেন নেইমার। চোট কাটিয়ে প্রায় দেড় মাস পর গত সোমবার মেক্সিকোর ক্লাব লিওনের বিপক্ষে গাম্পের ট্রফির ম্যাচ দিয়ে খেলায় ফেরেন বিশ্বকাপে চার গোল করা নেইমার। ক্যাম্প নউয়ের ওই ম্যাচে জোড়া গোল করে দলের ৬-০ গোলের জয়ে বড় অবদানও রাখেন তিনি।
রোববার বাংলাদেশ সময় রাত একটায় নিজেদের মাঠ ক্যাম্প নউতে এলচের মুখোমুখি হবে গত মৌসুমে কোনো শিরোপা না জেতা বার্সেলোনা।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





