একাই দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে ধসিয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশকে ইতোমধ্যে ওয়ানডে সিরিজ জিতিয়ে দিয়েছেন নতুন সেনসেশন পেসার মুস্তাফিজুর রহমান। প্রথম দু’ওয়ানডেতে ১১ উইকেট শিকার করে গড়েছেন ইতিহাস। সামনে আরও রেকর্ডের হাতছানি অপেক্ষা করছে।
ক্যারিয়ারের প্রথম ওয়ানডে খেলতে নেমেই ৫ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর। এখানেই থেমে থাকেনি মুস্তাফিজুর চমক। দ্বিতীয় ম্যাচেও ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন তিনি। ৬ উইকেট শিকার করে জায়গা করে নিয়েছেন রেকর্ড বইয়ে। তাই বাংলাদেশ ক্রিকেট দলের নক্ষত্রই বলা হচ্ছে মুস্তাফিজুরকে।
আর এই মুস্তাফিজুরের আদর্শ খেলোয়াড় পাকিস্তানের ক্রিকেটে নিষিদ্ধ খেলোয়াড় আমির। মুস্তাফিজুরের এমন কথা শুনে মুগ্ধ আমির নিজেও। তাই মুস্তাফিজুরকে নিয়ে নিজের অভিমত ব্যক্তও করেছেন আমির, ‘আমি মুস্তাফিজুরের আদর্শ, এটি শুনে আমি খুবই খুশী হয়েছি। আমি নিশ্চিত করে বলতে পারি, তার ভবিষ্যত অনেক বেশি উজ্জ্বল। সে ভবিষ্যতে আরও ভয়ংকর পারফরমেন্স করবে। তাই তাকে সামলানো সম্ভব হবে না। তার বোলিং-এ সব ধরনের অস্ত্রই আছে। এছাড়া ক্রিকেট নিয়ে তার সচেনতাও অনেক বেশি।’
ভারত সিরিজের আগে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এশিয়া ক্রিকেটের এই দুই পরাশক্তিকে ধরাশায়ী করানোর পিছনে তরুণদের পারফরমেন্স মুখ্য ভূমিকা রাখছে বলে জানান আমির, ‘আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাস, দৃঢ় মনোবল ও পরিপক্ব দেখাচ্ছে বাংলাদেশ দলকে। তাদের অনেক ভালো ভালো তরুণ খেলোয়াড় উঠে আসছে। যারা দলকে সাফল্য এনে দিতে দুর্দান্ত পারফরমেন্স করছে। এখন নতুন যোগ হয়েছে মুস্তাফিজুর। যাতে বাংলাদেশ আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে।’
২০১০ সালে ইংল্যান্ড সফরে ম্যাচ ফিক্সিং-এ কারণে বর্তমানে আন্তার্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ আছেন ২৩ বছর বয়সী আমির। চলতি বছরের আগস্টে শেষ হচ্ছে আমিরের পাঁচ বছরের নিষেধাজ্ঞা।
জেডআই





