আগামী ৮ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে উদ্বোধনী অনুষ্ঠান রাঙাতে বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফকে আনার চেষ্টা করছে আয়োজক কমিটি।

টুর্নামেন্ট শুরু হবে ১১ ডিসেম্বর। আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার মিরপুরে বিসিবি পরিচালক শেখ সোহেল সংবাদমাধ্যমকে বলেন, আমরা দুই বলিউড সুপারস্টারকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নিশ্চিত করেছি। তারা স্টেজ পারফর্ম করবেন।

বিসিবির অর্থায়নে হবে আসন্ন বিপিএল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’।

এবারের বিপিএলে ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হবে বলে জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ‘বঙ্গবন্ধুর নামে হচ্ছে তাই এবারের বিপিএল খুবই জাঁকজমকপূর্ণ হবে। আমরা আশা করছি আমাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অনুষ্ঠান হবে।’

তারই অংশ হিসেবে বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফকে আনা হচ্ছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল।


তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে শিল্পী হিসেবে মমতাজ থাকবেন। গানের জন্য আরও থাকছেন এই মুহূর্তে বিশ্ব সঙ্গীতের দুই সাড়া জাগানো শিল্পী। এখনও তারা নিশ্চিত নয় বলে নাম বলব না। আশা করছি, আজকালের মধ্যেই তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারব।

এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডারের ম্যাচ দিয়ে আসন্ন বিপিএল মাঠে গড়াবে। অবশ্য টুর্নামেন্টের প্রথম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। একই দিন রাতে আরেক ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স।

৩৯ দিনের এই টুর্নামেন্টে খেলবে সাতটি দল। তিনটি ভেন্যুতে হবে ম্যাচগুলো। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ক্রিকেটাররা লড়াইয়ে নামবে।

এবারের বিপিএলে মোট ৪৬টি ম্যাচ থাকছে। ঢাকায় ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর চট্টগ্রামে ১২টি ও সিলেটে হবে ছয়টি ম্যাচ।

এএস