আগামী ২৬ জানুয়ারি থেকে মাঠে গড়ানোর কথা ছিল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ১৫তম আসর। কিন্তু ৩০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে সাত বিভাগীয় দলসহ ঢাকা মেট্রো নিয়ে আট দলের এই লড়াই।
২০ জানুয়ারির মধ্যে আটটি দলকে ২০ জনের দলের তালিকা পাঠানোর অনুরোধ করেছিল বিসিবির টুর্নামেন্ট কমিটি। সময়মতো টিম লিস্ট না পাওয়ায় চারদিন পিছিয়ে দেওয়া হয়েছে ম্যাচ শিডিউল।
এনসিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে। ভেন্যুগুলো হচ্ছে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম, খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম, রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।
এরই মধ্যে টুর্নামেন্টের প্রথম তিন রাউন্ডের ফিক্সচার নিশ্চিত করেছে বোর্ড। প্রস্তুতি ও জার্সি তৈরির জন্যে দলগুলোকে পাঁচ লাখ টাকা দিয়েছে টুর্নামেন্ট কমিটি। প্রতিটি দলে একজন করে বিদেশি খেলোয়াড় খেলতে পারবেন।
এদিকে, টুর্নামেন্ট আয়োজনের শুরু থেকেই টাইটেল স্পন্সরের খোঁজে রয়েছে ক্রিকেট বোর্ড। সর্বশেষ প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর ‘ওয়ালটন’সহ একাধিক বাণিজ্যিক ব্যাংকে অফার পাঠাচ্ছে বোর্ড।
টুর্নামেন্ট কমিটির সূত্রে জানা গেছে, ৬০ লাখ টাকায় এনসিএলের টাইটেল স্পন্সরশিপ বিক্রি করতে আগ্রহী বোর্ড।