গত ১ মে তাজিকিস্তানে ভারতকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৪ নারী আঞ্চলিক (দক্ষিণ ও মধ্যাঞ্চল) চ্যাম্পিয়নশীপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার বিকেলে বাফুফে ভবনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাইফ পাওয়ারটেকের উদ্যোগে এই চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেয়া হয়েছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের নবনির্বাচিত সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী, সাইফ পাওয়ার টেক এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন সহ অনেকে।
অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, চ্যাম্পিয়ন দলকে হৃদয় নিংড়ানো অভিনন্দন। তোমাদের জন্য আমরা গর্বিত। এই খেলাটাই তোমরা নিয়মিত খেলবে। উইমেন ফুটবল কমিটিকেও অভিনন্দন।
চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মার্জিয়া বলেন, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা তাজিকিস্তান গিয়েছিলাম। ওখানে আমরা সবার সাপোর্ট পেয়েছি। ভারতের সাথে আমরা ভালো খেলে জিতেছি। আমরা আরও এগিয়ে যেতে চাই।
সর্বোচ্চ গোলদাতা তহুরা বলেন, আমরা ভালোভাবে অনুশীলন করেছি। আমরা অনেক শৃঙ্খলার মধ্যে ছিলাম। সবচেয়ে ভালো লেগেছে, যখন আমরা ওখানে জাতীয় সঙ্গীত গেয়েছি তখন আমাদের মধ্যে অন্য রকম স্পিরিট কাজ করছিলো।
এদিন অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন দলের সবাইকে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেয়া হয়।
এআই





