কেন উইলিয়ামসনের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে বুধবার আবুধাবিতে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ চতুর্থ ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ড সাত রানে পাকিস্তানকে পরাজিত করেছে। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ ব্যবধানে সমতা রেখে শুক্রবার একই মাঠে অঘোষিত ফাইনাল ও পঞ্চম ম্যাচে মাঠে নামবে দুই দল।
টস জয়ী নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করে ১০৫ বল মোকাবেলায় উইলয়ামসনের ১২৩ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ২৯৯ রান সংগ্রহ করে। জবাবে প্রায় ছয় বছর পর ওয়ানডে ক্রিকেটে ইউনিস খানের প্রথম সেঞ্চুরির সুবাদে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯২ রান করে।
ব্যক্তিগত এক ও দুই রানে রস টেইলর ও এডাম মিলনের ক্যাচ মিসের কারণে দু’বার জীবন পেয়ে ৭৪ ইনিংস পর সেঞ্চুরির খড়া কাটিয়ে ১১৭ রানে ১০৩ রান করেন ইউনিস। চারটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি মারেন ইউনিস।
একই সঙ্গে ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানীদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করেন। ইতোপুর্বে এই রেকর্ডটির মালিক ছিলেন জহির আব্বাস। আব্বাস সেঞ্চুরি করেছিলেন ৩৫ বছর ৩৩১ দিনে। আর ইউনিস সেঞ্চুরি করলেন ৩৭ বছর ১৮ দিনে।
অধিনায়ক শহিদ আফ্রিদি ২৫ বল মোকাবেলায় পাঁচটি চার ও দুটি ছয়ের সাহায্যে ৪৯ রান করেন।
এদিকে এ মাঠে তৃতীয় সর্বোচ্চ স্কোর গড়ল নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেট জুটিতে মার্টিন গাপটিলের সঙ্গে ৪৪ রানের পর রস টেইলরের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ৬৩ রান যোগ করেন উইলিয়ামসন।
শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলে মোহাম্মদ ইরফানের বলে আউট হওয়ার আগে ১২টি বাউন্ডারি হাঁকান উইলিয়ামসন।
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড-২৯৯/৫ (৫০ ওভার, উইলিয়ামসন ১২৩, গাপটিল ৫৮, ইরফান ৫৩/২)
পাকিস্তান-২৯২/৮ (৫০ ওভার, ইউনিস ১০৩, আফ্রিদি ৪৯, ভেট্টরি ৫৩/৩)।
জেডআই





