দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠিত ১৭তম এশিয়ান গেমসের ক্রিকেটে জয় পেয়েছে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল। বুধবার ইয়ংহি ক্রিকেট স্টেডিয়ামে নেপালকে ৮১ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সালমারা।

এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১০৭ রান করেছে বাংলাদেশ। বাংলাদেশের আয়শা ৫১ রানে অপরাজিত ছিলেন। তার অর্ধশত রানের ইনিংসটিতে ২টি বাউন্ডারি ছিল। এছাড়া শাহনাজ পারভিন ১২ রান এবং লতা মণ্ডল ১১ করেছেন। বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন করেছেন ৫ বলে ৭ রান।

১০৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২.২ ওভারে ৪ রান করতেই ২ উইকেট হারায় নেপাল। এরপর বেশি দূর এগুতে পারেনি নেপালের প্রমীলা ক্রিকেটাররা। ১৫.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬ রান সংগ্রহ করেছেন তারা।

নেপালের পক্ষে সর্বোচ্চ ৮ রান করেছেন নারে থাপা। বাংলাদেশের সালমা খাতুন ও রোমানা ৩টি করে উইকেট নিয়েছেন। এ ছাড়া জাহানারা আলম ও ফাহিমা খাতুন ২টি করে উইকেট নিয়েছেন।

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই