ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভো আর জারমেইন ব্ল্যাকউডের শত রানের জুটিতে বার্বাডোজ টেস্টের তৃতীয় দিনেই হার মানল ক্রিকেটে 'দাদাগিরি' করা ইংল্যান্ড। এই ম্যাচে জয়ের ফলে টেস্ট সিরিজ ড্র করেছে ক্যারিবীয়রা।

রোববার শেষ টেস্টের তৃতীয় দিনে ১২৩ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য ছিল দিনেশ রামদিনের দলের। জবাবে ৫ উইকেটে হাতে থাকতে লক্ষ্যে পৌঁছে যায় তারা।

ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে বিপদে পড়েছিল প্রথম ইনিংসে মাত্র ১৮৯ রানে অল আউট হওয়া ওয়েস্ট ইন্ডিজ। তবে পঞ্চম উইকেটে ব্র্যাভো (৮২) আর ব্ল্যাকউডের (অপরাজিত ৪৭) ১০৮ রানের জুটিতে জয়ের পথে এগিয়ে যায় তারা।

ইংল্যান্ডের জন্য হতাশাতেই শেষ হলো সিরিজটি। প্রথম টেস্ট ড্রয়ের পর গ্রেনাডা টেস্ট জিতে ভালো একটা শেষের অপেক্ষায় ছিল অ্যালিস্টার কুকের দল।

প্রথম ইনিংসে ৬৮ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসের ব্যাটিংই তাদের ডুবিয়েছে। দ্বিতীয় ইনিংসে মাত্র তিন জন খেলোয়াড় দুই অঙ্কের রানে পৌঁছেছেন। সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত ছিলেন জস বাটলার।

জ্যাসন হোল্ডার, জেরোম টেইলর ও ভিরাসামি পেরুমল নেন ৩টি করে উইকেট।

পেস আর স্পিন সহায়ক পিচে ১৯২ রান করাটাও সহজ ছিল না স্বাগতিকদের জন্য। দলের সবচেয়ে বড় ব্যাটিং ভরসা শিবনারাইন চন্দরপল যখন শূন্য রানে জেমস অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে ফেরেন, তখন তাদের সংগ্রহ ৪ উইকেটে ৮০ রান।

তবে এর পর ব্যাভো আর ম্যাচসেরা ব্ল্যাকউডের প্রতিরোধে তিন দিনেই জয় তুলে নেয় স্বাগতিকরা।

সিরিজের সেরা ক্রিকেটর নির্বাচিত হয়েছেন ১৮ গড়ে ১৭ উইকেট পাওয়া ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড প্রথম ইনিংস:২৫৭/১০, অ্যালিস্টার কুক ১০৫

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৮৯/১০, ব্লাকউড ৮৫

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস : ১২৩/১০, ওভার ৪২.১ (বাটলার ৩৫, স্টোকেস ৩২, ব্যালেন্স ২৩; হোল্ডার ৩/১৫, টেলর ৩/৩৩) ও প্রথম ইনিংস : ২৫৭/১০, ওভার ৯৬.৩

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস : ১৯৪/৫, ওভার ৬২.৪ (ব্রাভো ৮২, ব্লাকউড ৪৭*; জর্ডান ১/২৪) ও প্রথম ইনিংস : ১৮৯/১০, ওভার ৪৯.৪

ফল : ৫ উইকেটে জয়ী ওয়েস্ট ইন্ডিজ

সিরিজ : ৩ টেস্টের সিরিজ ১-১ ব্যবধানে সমতা

ম্যাচসেরা : ব্লাকউড (ওয়েস্ট ইন্ডিজ)

সিরিজসেরা : জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)

জেডআই