শ্রীলংকা ক্রিকেট দলের প্রধান কোচ মারভান আতাপাত্তু বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। সম্প্রতি সফরকারী ভারতের কাছে ১-২ ব্যবধানে টেস্ট সিরিজ হারার পর কোচের পদ থেকে সরে দাঁড়ান লংকান দলের এক সময়ের অধিনায়ক। এখন বাংলাদেশ দলের কোচ হাথুরুসিংহকে দলের দায়িত্ব নেয়ার প্রস্তাব দিতে পারে বলে জানা গেছে।
গত তিন মাসের মধ্যে উপমহাদেশের দুই দল পাকিস্তান ও ভারতের কাছে ব্যাক টু ব্যাক টেস্ট সিরিজ হারার পর পদত্যাগ করলেন আতাপাত্তু।
শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) নিজস্ব টুইটারের মাধ্যমে আতাপাত্তুর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এসএলসি’র অন্তর্বর্তীকালীন প্রধান সিদাথ বেটিমুনি আতাপাত্তুর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন।
এসএলসি’র দেয়া বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমরা আপনাদের জানাচ্ছি যে, মারভান আতাপাত্তু শ্রীলংকা ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং শ্রীলংকা ক্রিকেট তা গ্রহণ করেছে।’
পল ফারব্রেচ ইংল্যান্ড দলের সহকারী কোচের দায়িত্ব নেয়ার পর ২০১৪ সালের সেপ্টেম্বরে শ্রীলংকা দলের প্রধান কোচের দায়িত্ব নেন খেলোয়াড়ী জীবনে শ্রীলংকান ব্যাটিং বিভাগের স্তম্ভ আতাপাত্তু ।
২০১১ সাল থেকে লংকান দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করা আতাপাত্তু স্থায়ী হিসেবে নিয়োগ পাওয়ার আগে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বও পালন করেন।
শ্রীলংকার হয়ে ৯০ টেস্ট ও ২৬৮ ওয়ানডে খেলা ৪৪ বছর বয়সী আতাপাত্তু যথাক্রমে ৫৫০২ এবং ৮৫২৯ রান করেন।
প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ জাতীয় দলের হয়ে ইর্ষণীয় সাফল্য পাওয়া স্বদেশী ব্যাটসম্যান হাথুরুসিংহেকে নতুন প্রধান কোচের পদ গ্রহণ করার প্রস্তাব দিতে পারে এসএলসি।
হাথুরুসিংহের অধীনে বাংলাদেশ দল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপে প্রথমবারের মত কোয়ার্টাফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। এরপর নিজ মাঠে টাইগাররা ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর ভারত ও দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে।
নতুন কোচ হিসেবে গ্রাহাম ফোর্ডের কথাও ভাবছে শ্রীলংকা।
জেডআই





