আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশের তরুণরা। খেলার শুরু থেকেই স্বপ্নটা পূরণ হওয়ার পথে এগিয়েও ছিল তারা। কিন্তু বাংলাদেশের জাতীয় দলের মতো ঠিকই হেরে গেছে ছোটরা।
বুধবার অস্ট্রেলিয়ার দেয়া ২৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নামে বাংলাদেশ। ১০ রানে প্রথম উইকেট হারালেও দুই উইকেটের বিনিময় ১২৮ রানে পৌঁছায় তারা। তখন হাতে ছিল ১৯ ওভারেরও বেশি। কিন্তু ১২৮ রানে তৃতীয় উইকেট হারানোর পর যেন বাধ ভেঙে গেছে বাংলাদেশের। ফলে আর মাত্র ৪২ রান সংগ্রহ করতেই বাকি উইকেট হারায় তারা। সেই সঙ্গে ৭৪ রানের লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে বাংলার তরুণরা।
দলের পক্ষে ওপেনার সাদমান ইসলাম সর্বোচ্চ ৪৯ রান করেন। আর ওয়ানডাউনে নামা লিটন দাসের ৪৩ রান ছাড়া মোসাদ্দেক হোসেনের ২৯ রানই উল্লেখযোগ্য। অস্ট্রেলিয়ার বোলার বেন আশকেনাজি ও থমাস অ্যান্ড্রুস সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট শিকার করেন গাই ওয়াকার।
এর আগে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান। তাদের বোলিং তোপে শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। মাত্র ২২ রানেই দুই উইকেট হারায় তারা। ওপেনার ম্যাথিউ শর্টের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন জেক ডোরেন। কিন্তু ৩৬ রান করে রান আউটের ফাঁদে পড়েন শর্ট। ৫৩ রানে তৃতীয় উইকেট হারানোর পর আর ৮ রান সংগ্রহ করতেই আরো এক উইকেট হারায় অজিরা।
তবে ডোরানের সঙ্গে শক্তিশালী জুটি গড়ে তোলেন অধিনায়ক গ্রেগরি। তাদের ব্যাটে ভর করেই আশার আলো দেখে অস্ট্রেলিয়া। ৪৮ রান করে গ্রেগরি রান আউট হলেও ৯৯ রান নিয়ে অপরাজিত থাকেন শর্ট। শর্টের ব্যাটে ভর করেই নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।