ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ম্যাচকে সামনে রেখে ফতুল্লায় অনুশীলন করেছে বাংলাদেশ দল। সোমবার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দুপুর থেকে বিকাল পর্যন্ত কঠোর অনুশীলন করেছেন মুশফিকরা।
আগামী বুধবার ফতুল্লাহর এই স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে।
সোমবার দুপুর একটা থেকেই নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তবে দলের মূল অনুশীলন শুরু হয় বেলা আড়াইটায়।
এ দিন চারটি নেটে একযোগে হয়েছে ব্যাটিং-বোলিং অনুশীলন। সেন্টার উইকেটের পাশের দুটি নেট ও মাঠের দক্ষিণ পাশের দুটি প্র্যাকটিস নেটে চলে অনুশীলন।
সেন্টার উইকেটের প্রথম উইকেটে শুরুতে ব্যাটিং করেন লিটন দাস ও ইমরুল কায়েস। লিটন-ইমরুলকে বোলিং করেন পেসার রুবেল হোসেন, আবুল হাসান রাজু ও স্পিনার তাইজুল ইসলাম।
পাশের নেটে ব্যাটিং করেন মুমিনুল হক। জুবায়ের হোসেন লিখন, পেসার মোহাম্মদ শহিদ, সৌম্য সরকার ও স্পিনার জুবায়ের হোসেন লিখনরাও অনুশীলনে ব্যস্ত ছিলেন। এরপর একে একে ব্যাট হাতে নেটে আসেন সাকিব-মুশফিক-নাসিররা।
লিটন দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস ও মুমিনুল হক প্র্যাকটিস নেটে আলাদাভাবে ব্যাটিং অনুশীলন করেন।
অনুশীলনের শেষ ভাগে হ্যালসলের অধীনে ফিল্ডিং অনুশীলন করেন মুশফিকুর রহিম। আগামিকাল (৯ জুন) সকাল সাড়ে ৯টা থেকে ফতুল্লায় অনুশীলন করবে বাংলাদেশ দল।
জেডআই





