আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির 'এ' গ্রুপের দুই শক্তিশালী দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আজ প্রতিদ্বন্দিতার মুখোমুখি। অবশেষে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড।
দুই দলই টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন। ওয়ানডে সংস্করণের ক্রিকেটের দ্বিতীয় সেরা এই আসরে অস্ট্রেলিয়া শিরোপা জিতেছে দুবার আর নিউজিল্যান্ড একবার।
বার্মিংহামের এজবাস্টনে ম্যাচটা শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়। তার আগে হয়ে গেছে টস। টসে জিতেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়াকে পাঠিয়েছেন ফিল্ডিংয়ে।
মর্যাদা কিংবা টুর্নামেন্টের পরিধি দুই দিক থেকেই বিশ্বকাপের পরই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্থান। সর্বশেষ ২০১৫ বিশ্বকাপের ফাইনালে লড়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। যে ম্যাচে নিউজিল্যান্ডকে হতাশায় ডুবিয়ে শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া। সেই আসরের পর আরেকটি বড় মঞ্চ তৈরি দুই দলের মুখোমুখি দ্বৈরথ নিয়ে। নিরপেক্ষ ভেন্যুতে তাই অন্যরকম রোমাঞ্চই ছড়াচ্ছে ম্যাচটি।
বিশ্বকাপের পর অবশ্য দুই দলের নেতৃত্বেই বদল এসেছে। অস্ট্রেলিয়ার নেতৃত্ব উঠেছে স্মিথের হাতে। কিউেইদের অধিনায়ক হয়েছেন উইলিয়ামসন। দুজনেই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। দুই দলের বড় অস্ত্রও। এর বাইরে ব্যাটিং-কিংবা বোলিংয়ে দুদলেরই রয়েছে তারকার সমারোহ। তবে দুদলের লড়াইয়ে কিউইদের থেকে অজিরা বরাবরই এগিয়ে থাকে।
নিউজিল্যান্ড দল এই ম্যাচের আগে প্রেরণা খুঁজে নিচ্ছে চ্যাপেল-হ্যাডলি ট্রফি থেকে। গত ফেব্রুয়ারিতে নিজেদের দেশে অস্ট্রেলিয়াকে যে সিরিজে কিউইরা হারিয়েছিল ২-০ তে। তার আগে গেল বছরের ডিসেম্বরে আবার অস্ট্রেলিয়ায় চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে নিউজিল্যান্ড হেরেছিল ৩-০ তে।
তবে ট্রান্স-তাসমান শত্রুরা মুখোমুখি হলে বারুদের গন্ধ মেলে। ছড়িয়ে পড়ে উত্তেজনা। সেই উত্তেজনা ম্যাচের আগে কথাতেও উত্তাপ ছড়াচ্ছে বেশ।
অস্ট্রেলিয়া একাদশ :
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, ক্রিস লিন, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), জন হ্যাস্টিংস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জস হ্যাজেলউড।
নিউজিল্যান্ড একাদশ:
মার্টিন গাপটিল, লুক রঞ্চি (উইকেটকিপার), কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, নেইল ব্রুম, কোরি অ্যান্ডারসন, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, অ্যাডাম মিলনে ও ট্রেন্ট বোল্ট।
জেড





