তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ব্যবধান ৩-০ হলে খুবই ভালো। তবে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার কথা এখনই ভাবছে না বাংলাদেশ দল। বরং লক্ষ্য, সিরিজ জয়।

রোববার সকালে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দল। কোভিড পজিটিভ থাকায় দলের সাথে চট্টগ্রাম যেতে পারেননি ব্যাটিং কোচ জেমি সিডন্স। বিপিএল ফাইনাল খেলা সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদুল হাসান জয়, মোস্তাফিজুর রহমানদের দেয়া হয়েছে এক দিন বাড়তি বিশ্রাম।

চট্টগ্রাম যাওয়ার আগে বিমানবন্দরে কথা বলেন মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, ‘আমাদের সিম্পল প্ল্যান থাকবে, যেটা সবসময় করে আসছি, ওয়ানডে ক্রিকেট যেভাবে খেলে আসছি সেরকম সিম্পল প্ল্যানই থাকবে। হোয়াইটওয়াশ বলা যাবে না কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলবো এবং অবশ্যই আমাদের সিরিজ জেতার লক্ষ্য থাকবে। প্রথম লক্ষ্য থাকবে সিরিজ জেতা।’

চট্টগ্রামে পৌঁছেই বিশ্রাম পাচ্ছে না ক্রিকেটাররা। বিকেলেই অনুশীলনে নামবে তামিমরা। ৩টা থেকে ৬টা পর্যন্ত হবে অনুশীলন। আগামী ২৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডেতে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৫ ও ২৮ ফেব্রুয়ারি পরের দুই ওয়ানডে। এরপর দুই দল ফিরবে ঢাকায়। ৩ ও ৫ মার্চ হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

এবিএস