আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ খেলবে আর মুস্তাফিজ থাকবেন না তা কি হয়? চলমান আসরে ওয়ার্নারের দলের অন্যতম কাণ্ডারি হয়ে উঠেছেন মুস্তাফিজ।

কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে ওয়ার্নাররা গুজরাটের সঙ্গে খেললেন মুস্তাফিজকে ছাড়াই? আতঙ্ক ভর করে পুরো বাংলাদেশে, মুস্তাফিজের কিছু হয়নি তো? চোট তো বলে কয়ে আসে না।

আপাতত সব সন্দেহ উড়িয়ে দিয়েছেন আইপিএলের ‘দ্য ফিজ’। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছেন, ফাইনালে আজ কোহলি-গেইল-ডি ভিলিয়ার্সদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে একাদশে থাকছেন কাটার মাস্টার মুস্তাফিজ।

আজ রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে নিজের ফেসবুক পেজে লিখেছেন মুস্তাফিজ, ‘মুস্তাফিজ ভক্তদের জন্য সুখবর, আজকের ফাইনাল ম্যাচে খেলবে মুস্তাফিজ।’

গ্রুপ পর্বের দুটি ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ভালো বল করেছিলেন মুস্তাফিজ।

প্রথম ম্যাচে চার ওভার বল করে মাত্র ২৬ রানের বিনিময়ে নিয়েছিলেন ডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসনের উইকেট। সেই ম্যাচে ২২৭ রানের পাহাড় গড়ে ব্যাঙ্গালোর জিতেছিল ৪৫ রানে। আর ফিরতি লেগের ম্যাচে মুস্তাফিজ তুলে নিয়েছিলেন বিরাট কোহলির উইকেট। মাত্র ১৪ রান করে সাজঘরে ফিরতে হয়েছিল কোহলিকে।

ওএফ