ইন্ডিয়ান ক্রিকেট লিগের (আইপিএল) পর বিগ ব্যাশ টুয়েন্টি-টুয়েন্টি লিগ দলের কোচের দায়িত্ব নিয়েছেন সদ্য ক্রিকেটকে বিদায় জানানো নিউজিল্যান্ডের তারকা খেলোয়াড় ড্যানিয়েল ভেট্টরি। তিন বছরের জন্য ব্রিসবেন হিটের কোচের দায়িত্ব নিয়েছেন ভেট্টরি।
সদ্য শেষ হওয়া ১১তম বিশ্বকাপ শেষে ক্রিকেটকে বিদায় জানান ভেট্টরি। তবে ঠিকই ক্রিকেটের সাথে থাকছেন তিনি। সেই থাকাটা আরো গভীর হয়েছে। আগে শুধুমাত্র আইপিএলের দলের কোচের দায়িত্ব পালন করতেন ভেট্টরি। এবার সেই তালিকায় যোগ হলো বিগ ব্যাশও।
তিন বছরের জন্য বিগ ব্যাশের দল ব্রিসবেন হিটের কোচের দায়িত্ব নিচ্ছেন ভেট্টরি। গেল চার বছর খেলোয়াড় হিসেবে ব্রিসবেন হিটে খেলেছেন তিনি। আগামী আসর থেকে কোচের দায়িত্ব পালন করবেন।
ব্রিসবেন হিটের কোচ হবার পর নিজের অভিমত জানাতে গিয়ে ভেট্টোরি বলেন, ‘এটি অনেক বড় দায়িত্ব। এই দায়িত্ব নেয়ার জন্য আমার তড় সইছে না। গেল বছর আইপিএল ব্যাঙ্গালুরুর কোচের দায়িত্ব পালন করেছি। তাই এই ক্ষেত্রে অভিজ্ঞতা ভালোই আছে আমার। বিগ ব্যাশের দায়িত্ব পেয়ে আমি বেশ খুশী। ফলে আমার কোচিং দক্ষতা ও অভিজ্ঞতা আরো বাড়াতে সক্ষম হবো।’
গত আসরে পয়েন্ট টেবিলে তলানিতে ছিলো ব্রিসবেন হিট। ঐ আসের পরই কোচ স্টুয়ার্ট ল ও অধিনায়ক জেমস হোপসকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় ক্লাব কর্তৃপক্ষ। ভেট্টরিকে দিয়ে কোচের পদটা পূরন করে তারা। ২৪ মে আইপিএল আসর শেষ হবার পর ব্রিসবেন হিটের দায়িত্ব নিতে অস্ট্রেলিয়ায় যাবেন ৩৬ বছর বয়সী ভেট্টরি।
অবসর নেয়ার আগে নিউজিল্যান্ডের হয়ে ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ১১৩টি টেস্ট, ২৯৫টি ওয়ানডে ও ৩৪টি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন ভেট্টরি। ব্যাট-বল হাতে টেস্টে ৪৫৩১ রান ও ৩৬২ উইকেট, ওয়ানডেতে ২২৫৩ রান ও ৩০৫ উইকেট এবং টি-২০তে ২০৫ রান ও ৩৮ উইকেট শিকার করেন ভেট্টরি।
জেডআই





