[b]মেলবোর্ন:[/b] বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন দুর্দান্তভাবে শুরু করেছিলেন বিশ্বের এক নম্বর বাছাই সেরেনা উইলিয়ামস। কিন্তু চতুর্থ রাউন্ডে ঘটল অঘটন। সাবেক শীর্ষ বাছাই আনা ইভানোভিচের কাছে ৪-৬, ৬-৩, ৬-৩ সেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন যুক্তরাষ্ট্রের উইলিয়ামস পরিবারের ছোট কন্যা।
ম্যাচ শুরুর আগেই জানা গিয়েছিল যে পিঠে ব্যথা অনুভব করছেন ষষ্ঠবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জয়ের স্বপ্ন দেখা সেরেনা। প্রথম সেটটিও জিতে নিয়েছেন তিনি। কিন্তু সেরেনার দুর্বলতাকে কাজে লাগিয়ে পরের দুটি সেটই জিতে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ইভানোভিচ।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1390120028.jpg[/img]
এর আগে চারবার সেরেনার মুখোমুখি হলেও প্রথমবারের মতো জয়ের মুখ দেখেছেন সার্বিয়ান টেনিস কন্যা। ২০০৮ সালে ফ্রেন্স ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০১২ সালে ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনালে খেলাই একমাত্র সফলতা ছিল তার। তবে এবার অস্ট্রেলিয়ান ওপেনে দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছেন ২৬ বছর বয়সী এই তারকা।
গত বছর ফ্রেন্স ও ইউএস ওপেন জয়ী সেরেনা ২০১৪ সালে চারটি গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বছরের প্রথম লড়াই থেকে ছিটকে পড়ে প্রতিপক্ষ ইভানোভিচেরই প্রশংসা করেছেন, 'আমি কোনো কিছুকে দোষারোপ করতে চাই না। এর সব ক্রেডিটই ইভানোভিচের। আমি মনে করি, তিনি আজ অবিশ্বাস্যভাবে খেলেছেন।'
৩২ বছর বয়সী এই তারকা নিজের চোট নিয়ে বলেন, 'আমি এটাকে মারাত্মক হুমকি মনে করছি না। এটা দ্রুতই সেরে উঠবে বলে বিশ্বাস করি। তবে আমাকে বেশ কিছু দিন বিশ্রামে থাকতে হবে।'
এদিকে শীর্ষ বাছাই সেরেনাকে হারিয়ে নিজেই অবাক হয়েছেন ১৪তম বাছাই ইভানোভিচ, ' এটা বিস্ময়কর। সত্য বলতে কি, আমি কোর্টে গিয়েছিলাম ও যতটুকু সম্ভব ভালো খেলার চেষ্টা করেছিলাম।'