সাদা পোশাকে আগেই জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। এবার রঙ্গিন পোশাকেও আফ্রিকানদেরকে বাংলাওয়াশ করার দরজায় টাইগাররা। সোমবার পঞ্চম ও শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারাতে পারলেই লক্ষ্য পূরণ হবে তাদের। এজন্য মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা সাড়ে ১২টায় মাঠে নামবে মাশরাফিরা।

ইতোমধ্যে সিরিজের প্রথম চারটি ম্যাচে জিতে ৪-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এই সিরিজে যদি সফরকারীদের হোয়াইটওয়াশ করতে পারে র‌্যাঙ্কিংয়েও বড় উন্নতি হবে টাইগারদের। জিম্বাবুয়ের সঙ্গে যেমন রেটিং পয়েন্টের ব্যবধান আরো বাড়বে তেমনি কমাতে পারবে অস্টম অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের সঙ্গে। ওই দল দুটি বর্তমানে ৯৬ পয়েন্ট করে নিয়ে সহাবস্থানে রয়েছে।

তবে দলকে হোয়াইট ওয়াশ থেকে বাঁচাতে কঠোর পরিশ্রম করেছে জিম্বাবুয়ের ক্রিকেটাররা। কিন্তু অধিনায়ক এল্টন চিগুম্বুরা হতাশা নিয়েই বলছেন, ‘প্রতিবারই ব্যাটিংয়ের জন্য ভাল উইকেট ছিল। কিন্তু আমরা পারিনি। পরপর ম্যাচ হারা অনেক হতাশারই। আমরা এখন ভালভাবে শেষ করার দিকেই দৃষ্টি দিচ্ছি।’

এদিকে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা শুরু থেকেই বলে আসছেন, ‘প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। ম্যাচ বাই ম্যাচ আমরা এগিয়ে যেতে চাই। সবার আগে সিরিজ জয় নিশ্চিত করতে চাই। এরপর না হয় হোয়াইটওয়াশ নিয়ে ভাবা যাবে।’

এখন সিরিজ নিশ্চিত করার পাশাপাশি সফরকারীদের পিছিয়ে রেখেছে ৪-০ ব্যবধানে। শেষ ম্যাচের আগে টাইগার নেতা বলছেন, ‘আমরা এ ধারাবাহিকতা এখন ধরে রাখতে চাই।’

এই ধারাবাহিকতা ধরে রাখা মানেই হচ্ছে পরের ম্যাচেও জেতা। তাহলেই হোয়াইটওয়াশ হয়ে যায় জিম্বাবুইয়ে। ২০০৬ সালের পর আবার জিম্বাবুইয়েকে পাঁচ ম্যাচের সিরিজে বাংলাওয়াশও করা হয়ে যায়।

পঞ্চম ওয়ানডেতে বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ইমরুল কায়েস, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, আবুল হাসান ও সৌম্য সরকার।

জেডআই