ইংল্যান্ড দলের তারকা ওয়েন রুনিকে প্রশংসায় ভাসিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
রুনি ইংল্যান্ডের সর্বোচ্চ গোল স্কোরার হওয়ার পর তাকে এ প্রজন্মের অদ্বিতীয় খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করেছেন বার্সেলোনা সুপার স্টার মেসি।
মঙ্গলবার সুইজারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ইংল্যান্ড। এই ম্যাচে জাতীয় দলের হয়ে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন ইংলিশ দলনেতা।
আর্জেন্টাইন তারকা মেসির মতো রুনিও জাতীয় দলের হয়ে কাঙ্ক্ষিত আলো ছড়াতে না পারায় সমালোচনার শিকার হন।
২০১০ বিশ্বকাপে আলজেরিয়ার সঙ্গে ইংল্যান্ড গোল শূন্য ড্র করায় রুনির উদ্দেশ্যে বাজে শব্দ করে সমর্থকরা।
কিন্তু 'দ্য মিরোর'কে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, "ওয়েন রুনি আমার কাছে একটি প্রজন্মের অন্যতম খেলোয়াড়। তিনি এমন একজন বিশেষ খেলোয়াড় যাকে অন্যদের সঙ্গে তুলনা করা যায় না।"
চারবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় মেসি আরো বলেন, "অনেক বিশেষ খেলোয়াড় আছে। কিন্তু রুনির ব্যতিক্রম গুণ ও টেকনিক্যাল সামর্থ্য আছে। আমি যাদের মুখোমুখি হয়েছে, তাদের মধ্যে রুনি অন্যতম শক্তিশালী একজন। তার মতো কেউ নেই।"
চ্যাম্পিয়ন্স লিগে প্রতিদ্বন্দ্বী সম্পর্কে আরো বলেন, "রুনি একজন বিজয়ী। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপে তিনি ইংল্যান্ডের সাফল্যের দিকে নজর দিচ্ছেন।"
জেডআই





