ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট পাকিস্তান কাপে অংশ না নিয়েই বাড়িতে ফিরে যাওয়ায় শেষ পর্যন্ত সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
যদিও এর আগে এই ঘটনায় ইউনিসকে বহিষ্কারের মত সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছিল।
সোমবার অবশ্য ইউনিস খান নিজের আচরণের জন্য পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের কাছে দুঃখ প্রকাশ করেছেন। আর এতেই পিসিবি চেয়ারম্যান সব কিছু ভুলে ইউনিসকে আবারো পাকিস্তান কাপে খেলার অনুমতি দিয়েছেন। তার আগে সোমবার ইউনিসকে কারণ দর্শানো নোটিশ দেয় ও সাতদিনের মধ্যে নোটিশের জবাব দিতে নিদের্শ দেয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি প্রধান বলেছেন, ইউনিসের মত একজন খেলোয়াড়ের প্রতি বোর্ডের সব ধরনের শ্রদ্ধা ও সহযোগিতা আছে। কিন্তু তিনি যা করেছেন তা মোটেই শোভনীয় নয়, সে কারণেই আনুষ্ঠানিকভাবে তাকে জবাব দেবার নির্দেশ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, যেহেতু ম্যাচ রেফারি তাকে ইতোমধ্যেই ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করেছে ও কেন্দ্রীয় চুক্তির বেশ কয়েকটি শর্ত ভঙ্গের জন্য তাকে অভিযুক্ত করেছেন তার প্রেক্ষিতে এই নোটিশ প্রদান করা হয়েছে।
পিসিবি চেয়ারম্যানের অনুমতি মিললেও আপাতত নোটিশের জবাব না দেয়া পর্যন্ত ও তা বোর্ডে অনুমোদিত না হওয়া পর্যন্ত পাকিস্তান কাপে খাইবার পাখতুনখাওয়ার হয়ে মাঠে নামতে পারছেন না ইউনিস।
এমআইএস





