শ্রীলংকার তারকা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার বিদায়ী টেস্টের তৃতীয় দিন শেষে সুবিধাজনক স্থানে আছে ভারত। শনিবার দিন শেষে মোট ১৫৭ রানের লিড নিয়েছে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা কোহলিরা।
এদিন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে মোট ৩০৬ রান সংগ্রহ করতে পারে শ্রীলঙ্কা। এরপর ব্যাট করতে নামা ভারত দিন শেষে এক উইকেটের বিনিময় ৭০ রান সংগ্রহ করেছে।
আগের দিনের ১৪০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে লঙ্কানরা। হাতে ছিল সাতটি উইকেট। দিনের শুরু থেকেই দৃঢ়তার সাথে ব্যাট করতে থাকেন যথাক্রমে ২৮ ও ১৯ রান নিয়ে খেলার শুরু করা লাহিরু থিরিমান্নে ও ম্যাথুজ।
স্কোর বোর্ডে ৩ উইকেটে ২২৪ রান রেখে লাঞ্চ বিরতিতে যান তারা। এ সময় দু’জনই হাফ-সেঞ্চুরি করে নিজেদের ইনিংসটাকে বড় করার পথেই ছিলেন।
তবে লাঞ্চের ২২ বল পরই ছন্দপতন ঘটে শ্রীলংকার ইনিংসে। টেস্ট ক্যারিয়ারের ৪র্থ হাফ-সেঞ্চুরি করা থিরিমান্নেকে ৬২ রানে থামিয়ে নিজের প্রথম উইকেট শিকার করেন ইশান্ত।
আগের টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ সেঞ্চুরি করা দিনেশ চান্দিমালকে এবার ১১ রানের বেশি করতে দেননি ইশান্ত। ফলে কিছুটা চাপে পড়ে যায় শ্রীলংকা।
তবে ব্যাট চালিয়ে যান ম্যাথুজ। সেই সুবাদে বাউন্ডারি হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন তিনি। অধিনায়ক হিসেবে এটি তার পঞ্চম সেঞ্চুরি।
তবে সেঞ্চুরির পর মাত্র তিন বল খেলেই মাঠ থেকে বিদায় নেন ম্যাথুজ। হরভজনের পরিবর্তে এই টেস্টে সুযোগ পাওয়া মিডিয়াম পেসার স্টুয়ার্ট বিনির বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন তিনি। মাঠ ছাড়ার আগে ১২টি চারের সহায়তায় ১৬৭ বলে ১০২ রান করেন দলনেতা।
ম্যাথুজ যখন ফিরেন তখন দলের স্কোর ৬ উইকেটে ২৮৪ রান। এরপর অবশ্য আর বেশিক্ষণ উইকেট আগলে ধরে রাখতে পারেনি শ্রীলংকার লোয়ার-অর্ডার। ৩০৬ রানেই গুটিয়ে যায় শ্রীলংকার প্রথম ইনিংস।
মোট ৪ উইকেট নিয়ে এই ইনিংসে ভারতের সেরা বোলার অমিত মিশ্র।
প্রথম ইনিংস থেকে পাওয়া ৮৭ রানের লিড নিয়ে নিজের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় ভারত। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুলকে ব্যক্তিগত ২ রানেই বিদায় দেন শ্রীলংকার পেসার ধাম্মিকা প্রসাদ। বিজয় ৩৯ ও রাহানে ২৮ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে) :
ভারত প্রথম ইনিংস : ৩৯৩/১০, ১১৪ ওভার (লোকেশ রাহুল ১০৮, রোহিত শর্মা ৭৯, বিরাট কোহলি ৭৮, রঙ্গনা হেরাথ ৪/৮১)।
শ্রীলংকা প্রথম ইনিংস : ৩০৬/১০, ১০৮ ওভার (অ্যাঞ্জেলো ম্যাথুজ ১০২, লাহিরু থিরিমান্নে ৬২, কৌশল সিলভা ৫১, অমিত মিশ্র ৪/৪৩)।
ভারত দ্বিতীয় ইনিংস : ৭০/১, ২৯.২ ওভার (মুরালি বিজয় ৩৯*, আজিঙ্কা রাহানে ২৮*, ধাম্মিকা প্রসাদ ১/১২)।
জেডআই





