ম্যাট ম্যাচান আর রিচি বেরিংটনের দুটি ফিফটি; স্কটল্যান্ডের ইনিংসে বলার মতো আর কিছুই নেই। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে আসা আইসিসির এই সহযোগী সদস্য দেশটি ডানেডিনে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে গুটিয়ে গেছে ১৪২ রানেই।

টসে হেরে ফিল্ডিংয়ে নেমে স্কটল্যান্ডের শুরুটা ছিল ভয়াবহ। স্কোরবোর্ডে মাত্র ১২ রান উঠতেই সাজঘরে ফেরেন চার শীর্ষ স্কটিশ ব্যাটসম্যান। শুরুর ধাক্কাটা সামাল দেন ম্যাচান ও বেরিংটন—পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন ৯৭ রান। ম্যাচানের ব্যাট থেকে আসে ৫৬। তাঁর এই ইনিংসটি ছিল ৭৯ বলে সাতটি চার ও একটি ছয়ে সাজানো। বেরিংটন ৮০ বলে করেন ৫০ রান।

নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি আর কোরি অ্যান্ডারসন, দু’জনেই নিয়েছেন তিনটি করে উইকেট। টিম সাউদি আর ট্রেন্ট বোল্টের সংগ্রহ দুটি করে উইকেট।

এই প্রতিবেদন লেখার সময় স্কটল্যান্ডের মামুলি সংগ্রহের জবাবে ব্যাট করছিল কিউইরা। জয়ের জন্য এই মুহূর্তে তাদের প্রয়োজন আর মাত্র ৩৯ রান। যদিও রান তাড়ার পথে চার উইকেট ইতিমধ্যেই হারিয়েছে তারা। কেন উইলিয়ামসনের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩৮ রান।

দুটি উইকেট নিয়েছেন স্কটল্যান্ডের ইয়ান ওয়ার্ডল। একটি করে উইকেট গেছে মজিদ হক ও জশ ডেভির ঝুলিতে। সূত্র: স্টারস্পোর্টস

এএইচ