সোমবার রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব জিনেদিন জিদানের কাধে দেওয়ার পর আলোচনা সমালোচনার মুখে পড়েছেন তিনি। ফরাসি এ ফুটবল কিংবদন্তি এত দিন রিয়ালের ‘বি’ দলের কোচ ছিলেন।
জিদানের এ নিয়োগ ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ হিসেবে দেখছেন ক্লাবটির সাবেক জেনারেল ম্যানেজার হোর্হে ভালদানো। তার মতে, ভীষণ চাপ সামলানোর এ দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত নয় জিদান।
স্প্যানিশ রেডিও ‘এল লারগুয়েনো’কে ভালদানো বলেন, ‘জিদানকে কোচ হিসেবে নিয়োগ দেয়াটা বিপজ্জনক সিদ্ধান্ত। কারণ তার অভিজ্ঞতায় ঘাটতি রয়েছে। রিয়াল কোচকে সবসময় প্রচণ্ড চাপ সামলাতে হয়। দায়িত্বটা পালনে এখনই সম্পূর্ণরূপে প্রস্তুত নয় জিদান।’
স্প্যানিশ লা লিগায় শনিবার দেপোর্তিভো লা করুনার মুখোমুখি হবে রিয়াল। এ ম্যাচ দিয়েই ডাগ আউটে রিয়ালের কোচ হিসেবে আনুষ্ঠানিক অভিষেক ঘটবে জিদানের।
তবে কোচ হিসেবে তার সঙ্গে রিয়ালের প্রাথমিক চুক্তির মেয়াদ সম্পর্কে কিছুই জানানো হয়নি। রিয়াল সভাপতি হিসেবে ফ্লোরেন্তিনো পেরেজের দুই মেয়াদ মিলিয়ে মোট ১২ বছরে ১১তম কোচ নিয়োগ পেলেন জিদান।
তবে কোচ বেনিতেজকে বরখাস্ত করার কোনো ব্যাখ্যা দেননি পেরেজ। শুধু এটুকু বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে বেনিতেজের নিবেদনের জন্য আমি তাকে ধন্যবাদ জানাতে চাই।’
রিয়ালের কোচ পদে নিয়োগ পাওয়ার মাত্র সাত মাসের মাথায়ই বরখাস্ত হলেন বেনিতেজ। যদিও স্প্যানিশ এ কোচটির অধীনে মোট ২৫ ম্যাচ খেলে মাত্র তিনটিতে হেরেছে রিয়াল। সব হারই লা লিগায়।
এতে করে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ে ‘লস ব্লাঙ্কোস’রা। এছাড়া তার অধীনে কোপা দেল রে’তে অযোগ্য এক খেলোয়াড়কে মাঠে নামানোয় আসরটি থেকে ছিটকে পড়ে রিয়াল। এ নিয়ে প্রচণ্ড সমালোচনায় পড়েন বেনিতেজ।
রিয়ালের মূল দলের কোচ হিসেবে গতকালই শিষ্যদের নিয়ে অনুশীলনে নেমে পড়েন জিদান। এ সময় হাজারো ‘লস ব্লাঙ্কোস’ সমর্থক করতালি দিয়ে স্বাগত জানান ’৯৮ বিশ্বকাপজয়ী এবং রিয়ালকে ২০০২ চ্যাম্পিয়ন্স লিগ জেতানো মহানায়ককে।
তবে মাঠের জিদানকে নিয়ে কোনো প্রশ্ন না চললেও ডাগ আউটে জিদানের সামর্থ্য নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছে স্পেনের গণমাধ্যম। রিয়ালের মুখপত্র হিসেবে স্বীকৃত ‘মার্কা’র মন্তব্য, ‘জিদান একজন কিংবদন্তি। রিয়ালের অন্যতম সেরা ব্যক্তিত্ব। কিন্তু তার কোচিং অভিজ্ঞতায় ঘাটতিটাও অনস্বীকার্য।
সত্যি বলতে, কোচেরা হলেন তরমুজের মতো; চিরে ফেলার আগ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না, সেটি খেতে মিষ্টি নাকি অখাদ্য।’ মার্কার অন্য একটি প্রতিবেদনে ভালদানোর সঙ্গে সুর মিলিয়ে লেখা হয়, ‘সিদ্ধান্তটা অবশ্যই বিপজ্জনক, তবে সম্ভাবনাও কম নয়।’
স্পেনের আরেক প্রভাবশালী দৈনিক ‘এল পেইস’ তাদের প্রতিবেদনে মন্তব্য করে, ‘জিদান কোচিং অভিজ্ঞতাবিহীন একজন কিংবদন্তি।’
সূত্র: এএফপি, মার্কা।
এআই





