চট্টগ্রাম টেস্টের মতো ঢাকা টেস্টেও বাংলাদেশ দল ভালো খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির ব্যাটসম্যান ইমরুল কায়েস।
বৃষ্টিতে চট্টগ্রাম টেস্টের শেষ দু’দিন ভেসে গেলেও, প্রথম তিন দিনের বিবেচনায় পারফরমেন্সের দিক দিয়ে দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেকখানি এগিয়েই ছিলো বাংলাদেশ।
আগামী ৩০ জুলাই ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
এই ম্যাচ নিয়ে ইমরুল বলেন, ‘আমরা যদি চট্টগ্রামের মত আত্মবিশ্বাস রাখি এবং পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি ধরে তাহলে ঢাকা টেস্টে আগের মতোই ভালো খেলব।’
আত্মবিশ্বাসে ভরপুর থাকলেও, ঢাকা টেস্ট নিয়ে কিছুটা চিন্তিত ইমরুল। তেমনই সুর তার কন্ঠে, ‘আত্মবিশ্বাস তো সবারই থাকে। প্রত্যকটা খেলোয়াড়ের থাকে। প্রত্যেকটা দলে থাকে। বাইরে থেকে বলা কঠিন আমরা এভাবে খেলব, ওভাবে খেলব। উইকেট দেখে প্ল্যান করতে হয়। চট্টগ্রামের উইকেট এক রকম ঢাকার উইকেট এক রকম। নির্ভও করছে উইকেটের কন্ডিশনের উপর।’
দ্বিতীয় টেস্টের আগে দলের প্রধান চন্ডিকা হাতুরুসিংহের প্রশংসাও করলেন ইমরুল। নিজেদের মতো করেই খেলার স্বাধীনতা কোচ দিয়েছেন বলে জানান টাইগার এই ওপেনার, ‘কোচ অবশ্যই সাপোট করেন। প্রত্যেকটা খেলোয়াড়কে স্বাধীনতা দিয়ে দিয়েছে। শটস খেলার ব্যাপারে বাধা নাই। এটা আমার কাছে খুব ভালো লাগে। কোনা বাধ্যবাধকতা নাই, তুমি তোমার মতো খেল।’
জেডআই





