[b]করাচি:[/b] পাকিস্তান ক্রিকেট বোর্ড মঙ্গলবার জাতীয় দলের জন্য নতুন কোচ খুঁজতে শুরু করেছে। জয়ের মাধ্যমে শ্রীলংকার বিপক্ষে সিরিজে সমতা এনে ডেভ হোয়াটমোরের দু’বছরের মেয়াদ শেষ হওয়ার একদিন পরই নতুন কোচের সন্ধানে নামল পাকিস্তান। এদিকে জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে স্থানীয় কাউকে নিয়োগ দেয়ার পক্ষে মত দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।
কাস্টমস ক্রিকেট একাডেমীর অধীনে ফাস্ট বোলিং প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধনকালে ওয়াসিম সাংবাদিকদের বলেন, ‘আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে জাতীয় দলের কোচিং স্টাফ পাকিস্তানিদের মধ্য থেকেই হওয়া উচিত।’
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্তৃক দলের প্রধান, ব্যাটিং এবং ফিল্ডিং কোচ নিয়োগদানের জন্য গঠিত কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর ওয়াসিম বলেন, ‘এটা একান্তই আমার ব্যক্তিগত অভিমত।’
তিনি বলেন, নিয়োগ পাওয়া কোচিং স্টাফের অবশ্যই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৫ বিশ্বকাপের জন্য পরিকল্পনা থাকতে হবে।
ওয়াসিম বলেন, কেবলমাত্র জাতীয় দল নয়, একই সঙ্গে পাকিস্তানের জুনিয়র দলকেও দেখাশুনা করতে হবে নিয়োগ পাওয়া কোচিং প্যানেলকে।
ঢাকা,২২জানুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই