টি-টোয়েন্টি থেকে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিদায়ে বড় প্রতিবেদন করেছে কলকাতার জনপ্রিয় দৈনিক পত্রিকা আনন্দবাজার।
পুরো ক্রিকেট ক্যারিয়ারে মাশরাফির সাফল্য-দলের প্রতি তার ভালোবাসা ছাড়াও ব্যক্তি ম্যাশের গুণাগুণ তুলে ধরে একটি প্রশংসনীয় প্রতিবেদন ছাপিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা। 'বিদায় ক্যাপ্টেন' নামে করা প্রতিবেদনটি তুলে ধরা হলো:
দুই পায়ে মোট ৮বার অস্ত্রোপচার। পা বাঁচাতে যখন মাশরাফিকে না খেলার পরামর্শ দেয়া হয়েছিল, তখন তিনি বলেছিলেন, "পায়ে গুলি খেয়ে যদি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতে পারে, তাহলে আমি কেন সামান্য সার্জারি নিয়ে মাঠে খেলতে পারবো না?"
দৃঢ়চেতা মনোভাব, ব্যক্তিত্ব আর সহজাত ক্রিকেটীয় মেধার সঙ্গে দারুণ নেতৃত্বগুণ অন্য আরো ১০ জন ক্রিকেটার থেকে আলাদা করে চিনিয়েছে বাংলাদেশের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজাকে। তিনিই দেখিয়েছেন কেবল তীব্র ইচ্ছাশক্তি আর দেশের প্রতি প্রচুর ভালোবাসা থাকলে- অনেক কিছুই সম্ভব।
ম্যাচ জিতিয়ে গোটা দেশ যখন আনন্দে মাতে, মাশরাফি তখন হাঁটুর ব্যাথায় কাতরান ড্রেসিংরুমে। ক্রিকেটে তার মতো ইনজুরি জয় করা খেলোয়াড় আর একজন আছেন বলে ইতিহাস সাক্ষী দেয় না। বাংলাদেশের ক্রিকেটে তিনি তাই ধ্রুবতারা!
প্রিয় ম্যাশ দেশের মানুষের হৃদয়ে কতটা জায়গা করে নিয়েছেন, তা বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে চোখ রাখলে সহজেই বোঝা যায়। বিদায়েও তাই খেলোয়াড় মাশরাফির বাইরে তাই মানুষ মাশরাফিকে নিয়েই জয়গান। টি টোয়েন্টিতে অবসরের ঘোষণাতেই ব্যথিত বাংলার কোটি জনতা।
এমবি





