বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ ও টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাটে ইংল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোরের পথে এগিয়ে যাচ্ছে টাইগাররা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৬.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন মুশফিক (৮১) ও সাব্বির রহমান (৫)।

সোমবার অ্যাডিলেড ওভালে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ইংল্যান্ড। সুযোগের সৎ ব্যবহার করেছেন ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসন।

উদ্বোধনী ওভারের চতুর্থ বলেই উইকেট শিকার করেন তিনি। খোঁচা দিতে গিয়ে ক্রিস জর্ডানের তালুবন্দী হন কায়েস (২)।

তৃতীয় ওভারে আবারও অ্যান্ডারসনের হামলা। এবার জো রুটের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ওপেনার তামিম ইকবাল।

দলীয় তিন রানে প্রথম উইকেট ও আট রানে দ্বিতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

তবে সৌম্য সরকারের সঙ্গে জুটি বেধে দলকে প্রাথমিক চাপ থেকে মুক্ত করেন মাহমুদুল্লাহ। তবে অপ্রত্যাশিতভাবে ক্রিস জর্ডানের বলে উইকেটরক্ষক জস বাটলারের হাতে ক্যাচ আউট হন সৌম্য। এতে ৮৬ রানে শেষ হয়ে যায় তাদের জুটি।

মাঠ ছাড়ার আগে ৫২ বলে ৪০ রান করেছেন ওয়ানডাউনে ক্রিজে আসা এই ব্যাটসম্যান।

এরপর মাঠে এসে স্পিনার মুঈন আলীর বল খোঁচা দিতে গিয়ে সাজঘরে ফিরে গেছেন সাকিব আল হাসান (২)।

জেডআই