ফ্রেঞ্চ তারকা থিয়েরি অঁরি মনে করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মতো পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো প্রতিভাবান নন। বর্তমান বিশ্বে সবার থেকে সাবেক সতীর্থকেই এগিয়ে রাখলেন অঁরি।
মেসি-রোনালদো প্রতিদ্বন্দ্বীতা বেশ কযেক বছর ধরেই চলছে। টানা চারবার রোনালদোকে পিছনে ফেলে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন মেসি। কিন্তু গত বছর মেসিকে টপকে দ্বিতীয়বারের মতো সেরার মুকুটটি মাথায় পরেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
জাতীয় দলের হয়ে দুই জনই বেশি আলো ছড়াতে পারতেন না। কিন্তু ব্রাজিল বিশ্বকাপে এই দুর্নাম ঘুঁচিয়েছেন মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনা খেলেছিল ফাইনালে। সুযোগ এসেছিল ম্যারাডোনাকে ছাড়িয়ে যাবার। কিন্তু সেটা আর হলো না। ফাইনালে জার্মানির কাছে হেরেছে তার দল। তবে ঠিকই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন মেসি। বিপরীতে পিছনের সারিতেই থাকলেন রোনালদো। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে তার পর্তুগাল।
২০১০ সালে নিউইয়র্ক রেড বুলসে যোগ দেবার আগে অঁরি মেসির সাথে বার্সায় খেলতেন। সাবেক সতীর্থের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই তিনি তার প্রতিভাকে শতভাগ নম্বর দিতে ভুল করেননি। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার রিও ফার্দিনান্দের সাথে বিবিসিতে এক আলোচনায় তিনি বলেছেন, ‘লিওনেল মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো যেভাবে নিজের প্রভাব দিয়ে দলকে সহযোগিতা করে থাকেন তার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। কিন্তু মেসি তার খেয়ালমত খেলেন। এখানে দু'জনের মধ্যে পার্থক্য হলো একজন তার স্বাভাবিক প্রতিভা দিয়ে খেলেন আর অন্যজন এর জন্য কঠোর পরিশ্রম করেন।’
অতীতের কথা উল্লেখ করে অঁরি আরও বলেন, ‘ফ্রেঞ্চ স্ট্রাইকার লুইস সাহা আমাকে প্রায়ই বলতো ম্যানচেস্টার ইউনাইটেডে সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড় হলেন রোনালদো। তাই বলে আমি এটা বলছি না যে মেসি পরিশ্রম করেন না, কিন্তু তার প্রতিভাটা ভিতর থেকেই আসা। শীর্ষে ওঠার জন্য রোনালদোকে সত্যিকার অর্থেই কঠোর পরিশ্রম করতে হয়েছে। তাদের মধ্যে একই ধরনের মানসিকতা আছে।’
ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





