বিসিসিআইয়ের অধীনে যে কোনো ম্যাচে এবং চলমান আইপিএল এ অফ-স্পিন বল করতে পারবেন না কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবীয় স্পিনার সুনীল নারাইন।
বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সাসপেক্ট বোলিং অ্যাকশন কমিটি নারাইনের ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে।
গত ২২ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নারাইনের বিপক্ষে রিপোর্ট দাখিল করেন ম্যাচ অফিসিয়ালরা। এরপরই তাকে চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র অর্থস্কোপি এন্ড স্পোর্টস সাইন্সেস সেন্টারে বায়োমেকানিক্যাল পরীক্ষা দিতে হয়।
পরীক্ষার ফলাফলে ও ম্যাচের ফুটেজ দেখে বিসিসিআই কমিটি নারাইনের অফ-স্পিন বলকে অবৈধ ঘোষণা করে। কিন্তু এই সিদ্ধান্তের ফলে আইপিএল থেকে নিষিদ্ধ করা হয়নি নারাইনকে। অফ স্পিন ছাড়া অন্য বল করতে নারিনের ওপর কোন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
এ প্রসঙ্গে বিসিসিআই সেক্রেটারী অনুরাগ ঠাকুর বলেছেন, নারাইন তার অন্য ডেলিভারিগুলো করতে পারবে। কিন্তু এবারের আইপিএল এর কোন ম্যাচে যদি নারাইন আবারো অফ-স্পিন বল করে তবে আম্পায়াররা ২৪.২ ধারা বলে ‘নো বল’ ডাকবে এবং ম্যাচ শেষে এ সম্পর্কে রিপোর্ট দাখিল করবে।
পুনরায় অফ-স্পিন বল করতে হলে নারাইনকে তার অ্যাকশন শোধরাতে হবে এবং অফিসিয়াল অ্যাসেসমেন্ট কমিটির কাছে এ ব্যাপারে অনুরোধ জানাতে হবে।
গত বছর নারাইনের বোলিংয়ের উপর ভর করে শিরোপা পাওয়া কলকাতা নাইট রাইডার্সের জন্য এই সিদ্ধান্ত দারুণ দুঃশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। সানরাইজার্সের ঐ ম্যাচটির পরে কেকেআর এর হয়ে আর মাঠে নামেননি এই তারকা ক্যারিবীয় স্পিনার।
নারাইনের সম্ভাব্য বদলি হিসেবে ইতোমধ্যেই ব্র্যাড হগ, ইয়োহান বোথা, কুলদিপ যাদব এবং কেসি কারিপ্পার নাম শোনা যাচ্ছে।
জেডআই





