[b]ম্যানচেস্টার:[/b] এফএ কাপের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে প্রতিপক্ষ ব্লাকবার্নের জালে গোল উৎসব করেছে ম্যানচেস্টার সিটি। বুধবার ইত্তিহাদ স্টেডিয়ামে নেগ্রেদো ও জেকোর জোড়া গোল এবং ইনজুরি থেকে ফিরে আসা অ্যাগুয়েরার একমাত্র গোলে প্রতিপক্ষকে ৫-০ গোলে হারিয়েছে পেল্লেগ্রেনির শিষ্যরা।
ব্লাকবার্নকে নিজেদের মাঠে স্বাগত জানিয়ে শুরু থেকেই আক্রমণ চালায় ম্যানসিটির খেলোয়াড়রা। খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই জেকোর হেড করা বল গোলবারের উপর দিয়ে চলে না গেলে এগিয়ে যেত তারা।
প্রথমার্ধে বেশ কয়েকবারই আক্রমণ চালায় জেকো-নেগ্রেদোরা। কিন্তু গোলশূন্যই থাকতে হয় তাদের। অবশেষে ৪৫+১ মিনিটে গোলের সূচনা করেন নেগ্রেদো। আর বিরতির পর দ্বিতীয় মিনিটেই দলের লিডকে ডাবলে নিয়ে যান এই তারকা।
৬৭ মিনিটে গোলের দেখা পান জেকো। পরে ৭২ মিনিটে নেগ্রেদোর বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই সফরকারীদের জালে বল জড়িয়ে দেন সার্জিও অ্যাগুয়েরা। সেই সাথে ৪-০ তে এগিয়ে যায় ম্যানসিটি।
৭৯ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন জেকো। কিন্তু একটি গোল শোধ করতে পারেনি অতিথিরা। আর নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছিল তারা। ফলে বড় ব্যবধানে হেরে ম্যানচেস্টারের মাঠ থেকে বিদায় নেয় দলটি।