বিশকেকে কিরগিস্তানের কাছে বাংলাদেশ হেরেছে ২-০ ব্যবধানে। বাংলাদেশ সময় রাত ৮টায় কাজাস্তানে খেলাটি অনুষ্ঠিত হয়। সেই দুই গোলের দ্বিতীয়টি ৮৮ মিনিটে। গোলদাতা ইলদার আমিরভ। যার অর্থ, শেষ দিকে গোল খাওয়ার বাতিকটা রয়েই গেছে। জার্মানিতে খেলা ভিতালিজ লুক্স প্রথম গোল এনে দেন ২৯ মিনিটে। পরপরই মুজায়েভের শট রুখে দিয়েছেন বাংলাদেশ গোলরক্ষক সোহেল।
প্রথমার্ধে প্রাধান্য নিয়ে খেলেছে স্বাগতিক দলই। বল পজিশনে কিরগিজরা এগিয়ে ৬১: ৩৯। দ্বিতীয়ার্ধে সেটা দাঁড়িয়েছে ৫৬: ৪৪। এ অর্ধে তুলনামূলক ভালো খেলেছে বাংলাদেশ। ৬০ মিনিটে অধিনায়ক মামুনুলের দুর্দান্ত শট বাঁচিয়েছেন কিরগিজ গোলরক্ষক। এই মামুনুলই প্রথমার্ধে বক্সের বিপজ্জনক জায়গায় পাওয়া ফ্রি-কিক পোস্টে রাখতে পারেননি। প্রথমার্ধে বাংলাদেশের সুযোগ বলতে ওটাই।
বাংলাদেশ দল দেশে ফিরছে আগামীকাল। বিশ্বকাপ বাছাইয়ে প্রথম চার ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়া বাংলাদেশের পঞ্চম ম্যাচ ১২ নভেম্বর তাজিকিস্তানের সঙ্গে।
বাংলাদেশ দল: সোহেল, নাসিরুল (রেজাউল), তপু, রায়হান, জামাল, কোমল, রাজু, হেমন্ত (জুয়েল রানা), রনি (তকলিচ), মামুনুল ও জীবন।
এআই





