আয়-ব্যয়ের দিক থেকে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু পয়েন্ট টেবিলে শীর্ষে তো দূরের কথা প্রথম দশের মধ্যেও নেই স্প্যানিশ জায়ান্টটি। মৌসুমে তিন ম্যাচ খেলে মাত্র তিন পয়েন্ট নিয়ে ১২তম স্থানে আছে দলটি।
মৌসুম শুরুর আগে দল-বদলে অনেক অর্থ খরচ করেছে তারা। রেকর্ড অর্থে ক্লাবে যোগ দেয়া ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলের সঙ্গে যোগ দিয়েছেন ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী জেমস রদ্রিগেজ। কিন্তু খেলার মাঠে তার প্রভাব মোটেই লক্ষ্য করা যাচ্ছে না।
চলতি মৌসুমে লা লিগার প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেখান থেকে জয়ের ধারায় ফিরতে পারেনি লস ব্লাঙ্কোসরা। হেরেছে তৃতীয় ম্যাচেও। শনিবার নিজেদের মাঠে স্যান্টিয়গো বার্নব্যুতে হেরেছে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে।
ম্যাচটিতে খেলার ১০ মিনিটেই পিছিয়ে যায় রিয়াল। তবে চোট কাটিয়ে দলে ফেরা ক্রিস্টিয়ানো রোনালদো ২৬ মিনিটে দলকে সমতায় ফেরান। কিন্তু ম্যাচটি শেষে হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেননি তারা।
খেলার ৭৬ মিনিটে তুরানের গোলে আবার লিড নেয় অ্যাটলেটিকো। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে ডিয়াগো সিমওনের শিষ্যরা। এদিকে আবার হারের লজ্জা পেলেন কোচ কার্লো আনচেলোত্তি।
গত মৌসুমে তৃতীয় স্থানে থাকা রিয়াল ১২তম স্থানে থাকলেও শীর্ষ স্থানে আছে বার্সেলোনা। তিন ম্যাচে পূর্ণ নয় পয়েন্ট অর্জন করেছে কাতালান ক্লাবটি। এদিকে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





