করোনা বিরতির পর মাঠে ফিরেই দুর্দান্ত ফর্মে আছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস।

প্রতিটি ম্যাচেই জ্বলে উঠছেন তিনি। তাকে পরাস্ত করে প্রতিপক্ষ যেমন গোলের দেখা পাচ্ছে না, আবার রক্ষণ সামলানোর মধ্যেই আক্রমণ চালিয়ে গোল করছেন তিনি।

স্প্যানিশ ক্লাবটির মহানায়ক বলতে এখন রামোসই।

বৃহস্পতিবারও সেই একই ভূমিকায় দেখা গেল দ্য পিলার রামোসকে।

এদিন রাতে ঘরের মাঠে গেটাফেকে ১-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আর এ জয়ের কাণ্ডারি রামোসই।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই।

তবে ম্যাচের ৭৯ মিনিটের দিকে ভুল করে বসে গেটাফে। নিজেদের ডি-বক্সে রিয়াল ডিফেন্ডার দানি কার্ভাহালকে ফাউল করে গেটাফের খেলোয়াড়। পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সফল স্পটকিক থেকে জয়সূচক গোলটি করেন সার্জিও রামোস।

সেই এক গোলেই শীর্ষস্থান আরও মজবুত করলেন জিদানের শিষ্যরা।

এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা একের পর এক পয়েন্ট খোয়ানোয় ৪ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।

৩৩ রাউন্ড রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৪ পয়েন্ট। সমান ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার সংগ্রহ ৭০ পয়েন্ট। বাকি থাকা পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত করতে পারবে রিয়াল।

এমআর