বর্তমান কালের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো আবার মুখোমুখি হচ্ছে ফুটবল মাঠে। অবশ্য লিগের কোনো ম্যাচের লড়াই না এটি। নিজ নিজ জাতীয় দলের জার্সি পরে মাঠে নামবেন আজ তারা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেসির আর্জেন্টিনার বিপক্ষে লড়বে রোনালদোর পর্তুগাল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১ টা ৪৫ মিনিটে।

মাঠে তুমুল প্রতিদ্বন্দ্বী এই দুই ফুটবলারের লড়াইটা তাদের নিজ মাঠে হবে না। নিরপেক্ষ ভেন্যুতে হবে তাদের শক্তি পরীক্ষা। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।

তবে ওল্ড ট্রাফোর্ডের সঙ্গে ঘনিষ্টতা রয়েছে রোনালদোর। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার আগে ম্যানইউর তারকা ছিলেন তিনি। তখন ওল্ড ট্রাফোর্ডই ছিল তার নিজের মাঠ। দীর্ঘ দিন পর আবার সেই মাঠে ফিরে আসতে যাচ্ছেন তিনি।

গত কয়েক বছর ধরে ফিফা বর্ষসেরা পুরস্কার ব্যালন ডি'অরের জন্য তুমুল প্রতিদ্বন্দ্বীতা করে আসছেন মেসি-রোনালদো। গত ছয়টি বছর তারা দু'জনই পুরস্কারটি ভাগাভাগি করে নিয়েছেন। প্রথম বছর ও শেষ বছর রোনালদো জিতলেও মাঝখানে টানা চারবার পুরস্কারটি জিতেছিলেন মেসি। আগামী পুরস্কারটির জন্যও তালিকায় এগিয়ে আছেন তারা দু'জন।

তাদের প্রতিদ্বন্দ্বীতাটা আরো বেশি হবে এবার। শুধু শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য না। দলের জয়ের ধারা অব্যাহত রাখার জন্য। সর্বশেষ নিজ নিজ ম্যাচে দুটি দলই জয় পেয়েছে।

ইউরো-২০১৬ এর বাছাই পর্বের ম্যাচে রোনালদোর একমাত্র গোলে আর্মেনিয়ার বিপক্ষে জয় পেয়েছিল পর্তুগাল। সেই সঙ্গে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপে সর্বোচ্চ গোল স্কোরার রেকর্ড গড়েছিলেন রোনালদো।

এদিকে ক্রোশিয়ার বিপক্ষে মেসির গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। এবারও তার কাছে প্রত্যাশা বেশি থাকবে। গত বুধবার উপটন পার্কের ম্যাচে ক্রিস্টিয়ান আনসালদি দলকে সমতায় ফেরানোর পর মেসির পেনাল্টি গোলে ২-১ গোলে জয় পেয়েছিল বর্তমান বিশ্ব রানার্স-আপ দলটি।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচে জার্মানির কাছে হারের পরও বেশ দাপটের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী বছর কোপা আমেরিকার জন্য প্রস্তুতি সেরে নিতে কোচ জেরার্ডো মার্টিনোর হাত ধরে বেশ সাফল্য দেখাচ্ছে মেসিরা।

মেসি ছাড়াও দলটিতে রয়েছে সার্জিও অ্যাগুয়েরা, গঞ্জালেজ হিগুয়েইন, ডি মারিয়া এবং দলে ডাক পাওয়া কার্লোস তেভেজ। তাই তাদের বিপক্ষে লড়াই করাটা সহজ হবে না রোনালদোদের।

দুই দলের মুখোমুখে লড়াইয়েও এগিয়ে আছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের পাঁচবারের জয়ের বিপরীতে মাত্র একবার জয় পেয়েছিল পর্তুগাল। একটি ম্যাচ ড্র হয়েছিল।

সর্বশেষ ২০১১ সালে ২-১ গোলে জিতেছিল মেসির দল। ম্যাচটিতে রোনালদো গোল করলেও ৯০তম মিনিটে পেনাল্টি গোলে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেছিলেন মেসি।

এএইচ