ওয়ালটন কক্সবাজার বীচ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাঁশকাটা খেলোয়াড় সমিতি ও আবাহনী ক্রীড়া চক্র। রোববার টাইব্রেকারে কোটবাজার খেলোয়াড় সমিতিকে ৪-১ গোলে হারায় বাঁশকাটা খেলোয়াড় সমিতি।
পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অনুষ্ঠিত দু’দলের মধ্যকার নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে ড্র ছিল। ফলে খেলার ভাগ্য গড়ায় টাইব্রেকারে। এতে ৪-১ গোলে জয় পায় বাঁশকাটা।
নির্ধারিত সময়ে বাঁশকাটা দলের পক্ষে একটি করে গোল করেন আলমগীর, এহসান ও ভুট্ট। কোটবাজারের হয়ে একটি করে গোল পান পিকু বড়ুয়া, সালাম ও বাবর।
দিনের অপর খেলায় আবাহনী ক্রীড়া চক্র ৮-৫ গোলে রামু শতদল ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে। আবাহনী ক্রীড়া চক্রের পক্ষে হ্যাটট্রিক করেন আবু হানিফ। শতদল ক্লাবের পক্ষে হ্যাটট্রিকসহ ৪টি গোল করেন রেদওয়ান।
সোমবার বেলা ৩টায় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আবাহনী ক্রীড়া চক্র ও বাঁশকাটা খেলোয়াড় সমিতি।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





