উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ-১৬'র প্রথম লেগে জয়ে পেয়ে কোয়ার্টার ফাইনালে এক পা রেখেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। বুধবার আর্সেনালের মাঠে ২-০ গোলে জিতেছে বায়ার্ন। এদিকে সান সিরোয় এসি মিলানের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে অ্যাটলেটিকো।
এমিরেটস স্টেডিয়ামে দু'দলই একটি করে পেনাল্টি পায়। কিন্তু গোলবঞ্চিত থাকে উভয় দলই। খেলার মেসুত ওজিলের কিক করা বল ফিরিয়ে দেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নুয়্যার। পরে ডেভিড অ্যালবা বায়ার্নের হয়ে পেনাল্টি থেকে গোল বঞ্চিত হন।
আর্সেনাল গোলরক্ষক উজচেইচ শেজনি প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ওই পেনাল্টি থেকেই গোল মিস করলেও দ্বিতীয়ার্ধে গোলমুখ খোলেন টনি ক্রুস। ৫৪ মিনিটে ক্রুসের বাঁকানো শট গোলবারের কোনাকুনি দিয়ে লক্ষ্যভেদ করে।
১০ জনের দল নিয়ে গানাররা লড়তে থাকে গোল বাঁচানোর। আরিয়েন রোবেন ও থমাস মুলারের দুটি শট রুখে দেন ফ্যাবিয়ানস্কি। শেষদিকে আরেকটি গোল হজম করে স্বাগতিকরা। নিরলস আক্রমণের সুফল পেয়ে যায় চ্যাম্পিয়নরা। ৮৮ মিনিটে দ্বিতীয় ও শেষ গোল করেন মুলার। জার্মানিতে পরের লেগে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে আর্সেন ওয়েঙ্গার শিষ্যদের।
শারীরিকভাবে শক্ত সামর্থ্য ও চতুর কৌশলের সুবাদে মিলানের মাঠে জয় পেল অ্যাটলেটিকো। প্রথমার্ধে অবশ্য এগিয়ে ছিল মিলান। মারিও বালোতেল্লি ও কাকা দুবার গোলমুখ খোলার সুযোগ পান। তবে শেষ হাসিটি হাসে অ্যাটলেটিকো। খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে সফরকারীদের হয়ে গোল করেন ডিয়াগো কোস্টা।
খেলা
কোয়ার্টার ফাইনালে এক পা বায়ার্ন-অ্যাটলেটিকোর
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ-১৬'র প্রথম লেগে জয়ে পেয়ে কোয়ার্টার ফাইনালে এক পা রেখেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ।





