টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। শারজাহ টেস্টে পাকিস্তানের বিপক্ষে অনন্য এই রেকর্ড গড়েছে কিউইরা।
শনিবার টেস্টের তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ১৮তম ছক্কা মেরে রেকর্ডটি নিজেদের করে নেয় নিউজিল্যান্ড। তৃতীয় দিনের খেলা শেষে নিউ জিল্যান্ডের মোট ছক্কা ১৯টি।
এর আগে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। ২০০৩ সালে পার্থে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ১৭টি ছয় মেরেছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।
পার্থের ওই ম্যাচে ৩৮০ রান করা ম্যাথু হেইডেন একাই ১১টি ছক্কা মেরেছিলেন। ১১৩ রান করা গিলক্রিস্ট মারেন ৪টি ছয়।
পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ছক্কার রেকর্ড গড়ায় নেতৃত্ব দেন ম্যাককালাম। ব্লাক ক্যাপস অধিনায়ক ২০২ রানের ইনিংসটিতে ছক্কা মারেন ১১টি।
টেস্ট ক্রিকেটে এক ইনিংসে কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি পাকিস্তানের ওয়াসিম আকরামের। জিম্বাবুয়ের বিপক্ষে শেখুপুরা টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ২৫৭ রান করার পথে ১২টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।
জেডআই





