বিশ্বকাপটা স্বপ্নের মতো কেটেছিল মাহমুদউল্লাহর। কিন্তু বিশ্বকাপের পর ছন্দপতন। পাকিস্তান সিরিজে যেখানে বাংলাদেশের প্রায় সব ব্যাটসম্যানই রান পেয়েছেন, মাহমুদউল্লাহর ব্যাট থেকে এল না বড় কোনো ইনিংস। তবে আশার খবর, আবারও স্বরুপে ফিরেছেন এ ডানহাতি।
আজ মিরপুরে তৃতীয় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ পর্বে মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে ব্যাট করতে নেমে বেশ বিপর্যয়ে পড়ে মধ্যাঞ্চল। ৬২ রানে ফিরে যান চার টপ অর্ডার ব্যাটসম্যান। দলকে কক্ষপথে ফেরায় মার্শাল আইয়ুব-মাহমুদউল্লাহর পঞ্চম উইকেটে তোলা ১৪৯ রান। তাইজুল ইসলামের শিকারে পরিণত হওয়ার আগে মাহমুদউল্লাহর সংগ্রহ ১১৩ রান। মাহমুদউল্লাহ ফেরার পর আবারও বিপর্যয়ে মধ্যাঞ্চল। ৪ উইকেটে ২১০ রান থেকে ৮ উইকেটে ২৫২—৪২ রানে পড়ল ৪ উইকেট। ৮৭ রান করা মার্শালকেও ফেরান তাইজুল। ৮ উইকেটে ২৭৮ রান তুলে দিন শেষ করে মধ্যাঞ্চল। তাইজুলের সংগ্রহে ৪ উইকেট।
ওদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথম দিনে সুবিধাজনক অবস্থানে আছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। দিন শেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ২ উইকেটে ২৭২ রান।
টসে জিতে পূর্বাঞ্চলকে ব্যাট করতে পাঠায় ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। দারুণ শুরু এনে দেয় ইমরুল-এনামুলের ওপেনিং জুটি। এ জুটি তোলে ৮০ রান। কামরুল হাসানের বলে ইমরুল ফেরেন ৫৬ রান করে; আহমেদ সিদিকুরের বলে ফেরার আগে এনামুল করেন ৩৯ রান। এরপর অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটি ১৬১ রান তুলে দিনটা নিজেদের করে নেন শাহরিয়ার নাফীস-মো. মিঠুন। শাহরিয়ার অপরাজিত আছেন ৭৯ ও মিঠুন ৮৮ রানে।
জেআই





